কল্যাণপুরের মিজান টাওয়ার আপাতত নিরাপদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

রাজধানীর কল্যাণপুরে মিজান টাওয়ার-সংলগ্ন যে স্থানে বিস্ফোরণ ঘটেছে, তা মূল কাঠামোর অংশ নয়। বিস্ফোরণ ঘটেছে টাওয়ারের সেপটিক ট্যাংকে৷ তাই ট্যাংকের ওপরে বিকল্প সিঁড়িতে ফাটল ধরেছে৷ মূল ভবন এখন পর্যন্ত বসবাসের যোগ্য। তবে টাওয়ারের বিভিন্ন তলা নিয়মিত রক্ষণাবেক্ষণ না করার কারণেও বিস্ফোরণের ঘটনা ত্বরান্বিত হয়েছে বলে মনে করা হচ্ছে৷
গতকাল শুক্রবার সন্ধ্যায় টাওয়ার এলাকা পরিদর্শন করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞ দল এই তথ্য দেন৷ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে টাওয়ারের সামনে আনুষ্ঠানিক এই ঘোষণার পর টাওয়ারের নিচতলায় এবং আশপাশের দোকানিরা স্বস্তি প্রকাশ করেন৷ কিছু সময়ের মধ্যেই টাওয়ারের বাসিন্দারা ভেতরে ঢোকারও চেষ্টা করেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকেও টাওয়ারের সামনে তাঁদের বসে থাকতে দেখা যায়। মালিকপক্ষ থেকে বলা হয়, টাওয়ার ঝুঁকিপূর্ণ না হলেও ভেতরের কিছু অংশ বিস্ফোরণের পর আবর্জনাপূর্ণ হয়ে আছে৷ এগুলো পরিষ্কার করে পরে টাওয়ারের তালা খুলে দেওয়া হবে।
তবে রাজউকের দায়িত্বশীল সূত্রমতে, রাজউকের অনুমোদিত নকশার সঙ্গে বাস্তবে মিজান টাওয়ারের অমিল পাওয়া গেছে। তাই কর্তৃপক্ষকে বলা হয়েছে, ভবনটি এখন যে অবস্থায় আছে, তার স্থাপত্য নকশা ও কাঠামোগত নকশা আগামী ১৫ জুলাইয়ের মধ্যে জমা দিতে। এগুলো পরীক্ষা করে ভবনটি সম্পূর্ণ নিরাপদ কি না, তা দেখা হবে।
গত বুধবার সন্ধ্যা সাতটার দিকে মিজান টাওয়ারের পূর্ব কোণে সেপটিক ট্যাংকে বিস্ফোরণ ঘটে। এতে টাওয়ারের নিচতলায় দোকানিসহ পাঁচজন আহত হন। এ ছাড়া নিচতলার দোকানের নিচের কিছু অংশের রড বেঁকে যায় ও সুরকি ঝরে পড়ে। ফায়ার সার্ভিসেস ও পুলিশ কর্মকর্তারা তৎক্ষণিকভাবে সেপটিক ট্যাংক ও পয়োনালায় দীর্ঘদিন জমে থাকা গ্যাসের চাপে এ বিস্ফোরণ ঘটে বলে জানান। দুর্ঘটনার পর টাওয়ারের বিভিন্ন তলায় বসবাসরত আতঙ্কিত বাসিন্দারা অন্যত্র চলে যান৷
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আমন্ত্রণে গতকাল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ফখরুল আমিনের নেতৃত্বে বিশেষজ্ঞ দল দুই দফায় ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁরা প্রথমে সকাল ১০টার দিকে ১২তলা মিজান টাওয়ারের বেজমেন্ট এবং প্রথম থেকে চতুর্থ তলা পর্যন্ত ঘুরে দেয়াল এবং কলাম, মেঝে পরীক্ষা করেন। বিকেলে বািক তলাগুলোও পরীক্ষা করা হয়। এ ছাড়া গ্যাস ঠিক কোন জায়গা থেকে বিস্ফোরিত হয়েছে তা খুঁজে দেখা হয়।
পরীক্ষা শেষে অধ্যাপক ফখরুল আমিন ভবনটি এখন পর্যন্ত বসবাসযোগ্য বলে আনুষ্ঠানিক ঘোষণা দেন। এ ছাড়া ভবনটি সুষ্ঠুভাবে নিয়মিত রক্ষণাবেক্ষণ না করায় এবং বিভিন্ন তলা থেকে সব সময় গৃহস্থালির বর্জ্য ফেলায় সেপটিক ট্যাংক ক্ষিতগ্রস্ত হয় বলে তাঁরা মতামত দেন।
ঘটনাস্থলে উপস্থিত রাজউকের সদস্য (পরিকল্পনা) শেখ আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, বুয়েটের বিশেষজ্ঞরা মিজান টাওয়ারের মূল কাঠামো ঠিক থাকার কথা বলেছেন৷ তিনি বলেন, ঘটনার পরদিন গত বৃহস্পতিবার রাজউকের গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটিকে সাহায্য করার জন্য ঢাকা ওয়াসা, ঢাকা উত্তর সিটি করপোরেশন, তিতাস গ্যাস কোম্পানির সহায়তা নেওয়া হবে৷
গতকাল বুয়েটের বিশেষজ্ঞ ছাড়াও তদন্ত কমিটির আহ্বায়ক সদস্য (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) আবদুল হাই, আঞ্চলিক পরিচালক অলিউর রহমান, দুলাল কৃষ্ণ, অথোরাইজড কর্মকর্তা আমিনুর রহমান, মাহবুবুর রহমান প্রমুখ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন৷