কল্যাণপুরের ৯ জঙ্গির দাফনও 'অজ্ঞাত পরিচয়' হিসেবে
‘অজ্ঞাতপরিচয়’ হিসেবে দাফন করা হলো কল্যাণপুরে নিহত নয়জন সন্দেহভাজন জঙ্গির লাশও। নিহত হওয়ার দুই মাস পরে গতকাল বুধবার জুরাইন কবরস্থানে আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে তাঁদের দাফন করা হয়। যদিও নিহত নয়জনের মধ্যে আটজনেরই পরিচয় ঘটনার দুদিনের মধ্যে গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল। পরিবারগুলোও জানিয়েছিল, তাদের ছেলেরা নিখোঁজ ছিল।
২২ সেপ্টেম্বর ‘অজ্ঞাতপরিচয়’ হিসেবে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁর সন্দেহভাজন পাঁচ হামলাকারী জঙ্গি ও এক রেস্তোরাঁকর্মীর লাশ জুরাইন কবরস্থানেই দাফন করা হয়। তাঁদেরও সবার পরিচয় ঘটনার পরপরই জানা গিয়েছিল।
গত ২৬ জুলাই ভোরে কল্যাণপুরের ৫ নম্বর রোডে জাহাজবাড়ি হিসেবে পরিচিত ‘তাজ মঞ্জিলে’ জঙ্গি আস্তানায় ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সোয়াট দলের অভিযানে সন্দেহভাজন নয় জঙ্গি নিহত হন। নিহত জঙ্গিদের মধ্যে আটজনের পরিচয় ঘটনার এক দিন পরই জানা যায়। এই আটজন হলেন ঢাকার শেহজাদ রউফ অর্ক, আকিফুজ্জামান খান ও তাজ-উল হক রাশিক, সাতক্ষীরার মতিয়ার রহমান, দিনাজপুরের আবদুল্লাহ, পটুয়াখালীর আবু হাকিম নাইম, নোয়াখালীর জোবায়ের হোসেন এবং রংপুরের রায়হান কবির। পরে তাঁদের মধ্যে সাতজনের পরিবারকে ডেকে ডিএনএ নমুনা মেলানো হয়। তবে শেষ পর্যন্ত বেওয়ারিশ হিসেবে লাশগুলো দাফনের জন্য গতকাল আঞ্জুমান মুফিদুল ইসলামকে দেওয়া হয়। এর আগে পর্যন্ত লাশগুলো ঢাকা মেডিকেল কলেজের মর্গের হিমঘরে ছিল।
গতকাল বেলা সোয়া ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজের মর্গ থেকে নয় জঙ্গির লাশ দাফনের জন্য গ্রহণ করেন কাউন্টার টেররিজম ইউনিটের কর্মকর্তারা।