কল্যাণের জামিন শুনানি হয়নি
প্রথম আলোর ফটোসাংবাদিক জিয়া ইসলামকে প্রাইভেট কারের ধাক্কায় আহত করার মামলায় কল্যাণ কোরাইয়ার পক্ষে জামিনের আবেদন করা হয়েছে। গতকাল রোববার এ মামলায় কল্যাণকে কারাফটকে জিজ্ঞাসাবাদের বিষয়ে কোনো প্রতিবেদন দেওয়া হয়নি। প্রতিবেদন না থাকায় গতকাল মহানগর হাকিম আবদুল্লাহ আল মাসুদ জামিন বিষয়ে কোনো আদেশ দেননি। আদালত পুলিশ প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে জামিন বিষয়ে শুনানির আদেশ দিয়েছেন।
সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক মো. আনোয়ার বলেন, আসামিকে জিজ্ঞাসাবাদ–সংক্রান্ত প্রতিবেদন পাওয়া যায়নি। আদালত ওই প্রতিবেদন দাখিলের পর জামিনের বিষয়ে শুনানি হবে বলে আদেশ দিয়েছেন। আর আসামিপক্ষের আইনজীবী নতুন ওকালতনামা দিয়ে জামিনের আবেদন করেছেন। আদালত আগের আইনজীবীর লিখিত অনাপত্তিপত্র দিতে বলেছেন।
গতকাল কল্যাণ কোরাইয়ার পক্ষে নতুন ওকালতনামা দিয়ে জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী।
বাদীপক্ষের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার আদালতকে বলেন, আসামিকে জামিন দেওয়ার ক্ষেত্রে ঘটনার পারিপার্শ্বিক অবস্থা বুঝতে হবে। মামলাটি তদন্তাধীন আছে। তদন্ত কর্মকর্তা ওমর ফারুখ খান আসামিকে জিজ্ঞাসাবাদ–সংক্রান্ত প্রতিবেদন দেননি। জামিন আবেদন করার ক্ষেত্রে আগের আইনজীবীর অনুমতিও নেওয়া হয়নি। আসামির গাড়ি জব্দ করা হয়েছে।
এ সময় বিচারক সাংবাদিক জিয়ার অবস্থা কী, জানতে চাইলে আইনজীবীরা বলেন, উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নেওয়া হয়েছে। শুনানিতে আরও অংশ নেন এম এ জলিল, মনজুর আলম ও শুভ্র সিনহা রায়।
ভোলায় দোয়া মাহফিল
ভোলা প্রতিনিধি জানান, জিয়া ইসলামের সুস্থতা কামনা করে গতকাল বেলা ১১টার দিকে ভোলার মনপুরা উপজেলার উত্তর চর ফয়েজউদ্দিন বহুমুখী ইসলামি মাদ্রাসার ছাত্ররা খতম ও দোয়া মাহফিল করেছে। প্রথম আলো বন্ধুসভার ভোলা কমিটি এই দোয়া মাহফিলের আয়োজন করে। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার প্রধান মাওলানা নেছার উদ্দিন।