কষ্ট উত্তরের পথে, চট্টগ্রাম যেতে স্বস্তি

উত্তরের পথে ঘরমুখী মানুষের দুর্ভোগ অব্যাহত রয়েছে। গতকাল রোববার উত্তরবঙ্গের পথে গাজীপুর, টাঙ্গাইল ও সিরাজগঞ্জে যানজটের কবলে পড়েন ঘরমুখী মানুষ। ফিরতি পথে সময়মতো বাস না আসায় ঢাকার গাবতলী ও মহাখালী বাস টার্মিনালে ১০ ঘণ্টার বেশি অপেক্ষায় থেকেছেন যাত্রীরা।
তবে গতকাল ঢাকা-চট্টগ্রাম পথে যানজট হয়নি। যানবাহনের চাপে কিছু কিছু স্থানে গতি কমে যায়। ঢাকা-সিলেট ও ঢাকা-ময়মনসিংহ পথে যানবাহনের চাপ থাকলেও যাত্রা নির্বিঘ্নই ছিল। শিমুলিয়া-কাওড়াকান্দি পথে যানবাহনের চাপে ফেরি, লঞ্চ ও স্পিডবোটে নদী পাড়ি দেওয়ার লক্ষ্যে থাকা মানুষের অপেক্ষা বেড়েছে। পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে ভাঙনের কারণে দুই পাড়েই যানবাহনের দীর্ঘ জট সৃষ্টি হয়।
রাত পোহালেই ঈদ। গতকাল রোববার রাজধানী ঢাকা প্রায় ফাঁকা হয়ে যায়। যানবাহন ও মানুষের ভিড় দেখা গেছে গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ টার্মিনালে। ঢাকামুখী পশুবাহী ট্রাকের যাত্রাও ছিল দীর্ঘ।
গতকাল বেলা ১১টার দিকে গাবতলী বাস টার্মিনালে গিয়ে ঘরমুখী মানুষের প্রচণ্ড ভিড় দেখা যায়। নাবিল পরিবহনের কাউন্টারের সামনে ভোর থেকে বসে থাকা ঠাকুরগাঁওয়ের আফজাল হোসেন বলেন, তাঁর বাস ছিল শনিবার রাত ১১টায়। যানজটে বাস আটকে থাকার কারণে পরিবহন কোম্পানির লোকজন রোববার ভোরে আসার পরামর্শ দেন। পরে তিনি মিরপুরের বাসায় চলে যান। ভোরে এসে জানতে পারেন, তখনো বাস যানজটেই।
দুপুরের দিকে মহাখালী টার্মিনালে গিয়ে একই অবস্থা দেখা গেছে। এনা পরিবহনের কাউন্টারের সামনে বেলা একটায় কথা হয় রংপুরের যাত্রী আমিনুল ইসলামের সঙ্গে। তিনি জানান, সকাল ১০টায় তাঁর বাস ছিল। কিন্তু বেলা ১১টায়ও সকাল আটটার বাস ছাড়েনি।
এনা পরিবহনের ব্যবস্থাপক আতিকুল আলম বলেন, ৭ ঘণ্টার যাত্রায় লাগছে ১৪ ঘণ্টা। ফিরতি পথেও যানজটে পড়তে হচ্ছে।

গতকাল দুপুরের দিকে সাভারের বলিয়ারপুর থেকে মিরপুর মাজার রোড পর্যন্ত দীর্ঘ যানজট হয়। এর রেশ চলে রাতেও। গাবতলী টার্মিনালে গতকাল বেলা আড়াইটার দিকে হানিফ পরিবহনের একটি বাস এসে থামে রংপুর থেকে। চালক মো. গফুর বলেন, বলিয়ারপুর থেকে গাবতলী আসতে সময় লেগেছে দেড় ঘণ্টা। অথচ এই পথের দূরত্ব মাত্র দেড় কিলোমিটার।
ট্রাফিক পুলিশ ও পরিবহনশ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই যানজটের মূল কারণ গাবতলী পশুর হাট। গতকাল সকাল থেকে প্রচুর পশু কিনে ক্রেতারা হেঁটে বাড়ি রওনা দেন। এ জন্যই আমিনবাজারের যানজট।
উত্তরের পথে যানজট: সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত ২২ কিলোমিটার সড়কে গতকাল সকাল থেকে যানবাহন ধীরগতিতে চলে। বিকেলের দিকে যানবাহনের চাপ বেড়ে যায়। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল ইসলাম বলেন, ঢাকামুখী গাড়ির চাপ কমে গেছে। উত্তরবঙ্গগামী গাড়ির চাপ বৃদ্ধি পাওয়ায় গতি কমে গেছে। তবে একেবারে থেমে যাচ্ছে না।
সেতুর পূর্ব প্রান্তে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রোববার সন্ধ্যা পর্যন্ত দীর্ঘ যানজট ছিল। শনিবার দুপুরের পর যানজট কিছুটা কমলেও স্বাভাবিক গতি পায়নি। গভীর রাত থেকে পুনরায় যানজট বাড়তে থাকে। গতকাল সকাল সাড়ে ছয়টার একটি বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে তিনজন আহত হন। এতে মহাসড়কে যানবাহনের গতি কমে যায়। এর প্রভাব পড়ে ভোগড়া বাইপাস পর্যন্ত।
এদিকে টঙ্গী স্টেশন রোড থেকে গাজীপুরের ভোগড়া মোড় পর্যন্ত রোববার সকাল আটটার পর থেকে শত শত শ্রমিককে বাসের জন্য অপেক্ষা থাকতে দেখা গেছে। অনেকে ঠাসাঠাসি করে ট্রাকে চড়েছেন। কিছু কিছু নারী শ্রমিক বাসের ছাদে চড়ে বাড়ির পথ ধরেন।
সকাল আটটার দিকে হানিফ পরিবহনের একটি বাসের যাত্রী সাইফুল ইসলাম বলেন, রোববার ভোরে টঙ্গী থেকে তিনি গ্রামের বাড়ি সিরাজগঞ্জে যাওয়ার জন্য বাসে ওঠেন। কিন্তু যানজটের কারণে টঙ্গী থেকে গাজীপুরের ভোগড়া আসতে আধা ঘণ্টার রাস্তায় সময় লেগেছে প্রায় দুই ঘণ্টা।
নাওজোড় মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম জানান, থেমে থেমে কিছু যানজটের সৃষ্টি হচ্ছে। গাজীপুর ও আশপাশের কারখানাগুলো ছুটির পর শ্রমিকেরা প্রায় একই সময়ে বাড়ি ফিরতে গিয়ে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে।
গাজীপুরের পুলিশ সুপার (এসপি) হারুন অর রশিদ বলেন, মহাসড়কের যানজট নিরসনের জন্য বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। তাদের সহযোগিতা করছে কমিউনিটি পুলিশ ও রোভার স্কাউটের সদস্যরা।
যানজট ঘিরে মহাসড়কের দুই পাশে মির্জাপুর উপজেলার বিভিন্ন স্থানে চার দিন ধরে প্রায় ৩০টি ভ্রাম্যমাণ দোকান বসেছে। ওই সব দোকানে প্রতিদিনই দুই থেকে তিন হাজার টাকা বিক্রি করছেন মালিকেরা। মির্জাপুরের জামুর্কীতে দোকান বসানো শাহানাজ বেগম বলেন, বড় দোকান থেকে মালামাল এনে ভ্রাম্যমাণ দোকান দিয়েছেন। তিন দিন ধরে গড়ে দুই হাজার টাকা বা তারও বেশি বিক্রি হয়েছে।
কুমিল্লায় কিছুটা স্বস্তি: কয়েক দিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটের ভোগান্তিতে পড়তে হয়েছে ঘরমুখী মানুষকে। গতকাল এই মহাসড়কে যানজট ছিল না। তবে যানবাহনের চাপে কিছু কিছু স্থানে গতি কমেছে।
এই মহাসড়ক দিয়ে কোরবানির পশু, জরুরি ওষুধসহ প্রয়োজনীয় পণ্যবাহী ছাড়া অন্য ভারী যানবাহন চলতে দেওয়া হচ্ছে না। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমিন গতকাল দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অনুমোদনের চেয়ে বেশি ওজনের পণ্যবাহী যানবাহনের চালকদের জরিমানা করেন।
গতকাল বিকেলে দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ডে চাঁদপুরগামী একটি বাসের যাত্রী আজমত উল্লাহ ও মো. শাহেদ বলেন, ঢাকার গুলিস্তান থেকে গৌরীপুর পর্যন্ত যানজট পাননি তাঁরা।
দুই ঘাটে মানুষের ঢল: লৌহজংয়ের শিমুলিয়া ফেরিঘাট এবং পাশের লঞ্চ ও স্পিডবোট ঘাটে গতকাল রোববার সকাল থেকে যাত্রীদের চাপ সৃষ্টি হয়। ঢাকা, বরিশাল ও খুলনা বিভাগের বিভিন্ন জেলার মানুষ এই ঘাট দিয়ে যাতায়াত করেন।
শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে গতকাল ১৮টি ফেরি দিয়ে যান পারাপার করা হয়। এরপরও বেলা তিনটার দিকে শিমুলিয়া ঘাটে ৫০০-৬০০ যানবাহন পারাপারের অপেক্ষায় ছিল।
মাইক্রোবাসে পরিবার নিয়ে বাড়ির পথ ধরা পিরোজপুরের আয়শা সুলতানা বলেন, বেলা একটায় ঘাটে এসেছেন। তিন ঘণ্টা পার হতে চলেছে ফেরিতে উঠতে পারেননি।
লঞ্চঘাটে যাত্রী বোরহান উদ্দিন নামের এক যাত্রী বলেন, তাঁর বাড়ি নদীর অপর পারে, মাদারীপুরের শিবচর। কিন্তু ভিড়ের কারণে লঞ্চে ওঠার সুযোগই পাচ্ছেন না।
বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক গিয়াসউদ্দিন পাটোয়ারী প্রথম আলোকে বলেন, যানবাহনের চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। বাস ও ছোট গাড়ি অগ্রাধিকারভিত্তিতে পার করা হচ্ছে।
রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মার ভাঙনের কারণে ৩ নম্বর ঘাট এখনো চালু করা যায়নি। ৪ নম্বর ঘাটও ঝুঁকির মুখে। গতকাল বালুভর্তি বস্তা ফেলা শুরু হয়েছে ঘাটে।
দৌলতদিয়ার চারটি ঘাটের মধ্যে ১ নম্বর ঘাটটি সচল রয়েছে। মাঝেমধ্যে ভাঙনের কারণে সড়ক ধসে যাওয়ায় রেকার দিয়ে সামনের দিকে টেনে ঘাট চালু রাখা হচ্ছে।
ময়মনসিংহ থেকে শনিবার সকালে গ্রামের বাড়ি গোয়ালন্দের উদ্দেশে রওনা হন রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘সারা রাস্তায় যানজট। পাটুরিয়া ঘাটেও চার ঘণ্টা বসে থাকতে হয়েছে। শেষ পর্যন্ত ফেরিতে চড়ে সকালে দৌলতদিয়া ঘাটে নেমেছি। ৮ ঘণ্টার রাস্তা ১৬ ঘণ্টার বেশি সময় লেগেছে।’
দৌলতদিয়া ঘাটের যানজট এড়াতে পুলিশ সদস্যরা গোয়ালন্দের পদ্মার মোড় থেকে মাহেন্দ্র, অটোরিকশাসহ ছোট যানবাহন সরাসরি মহাসড়ক দিয়ে ঘাটে যেতে দিচ্ছেন না। এসব যানবাহন পদ্মার মোড় থেকে ঘুরে গোয়ালন্দ বাজার হয়ে পূর্ব উজানচর ও চর দৌলতদিয়া দিয়ে দৌলতদিয়া বাজার দিয়ে ঘাটে যাচ্ছে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা আবুল কালাম আজাদ বলেন, যানবাহনগুলো কিছু পথ ঘুরে যাওয়ায় যানবাহনের চাপ কমছে।
(প্রতিবেদনটি তৈরিতে সাহায্য করেছেন আমাদের সিরাজগঞ্জ, গাজীপুর, মির্জাপুর (টাঙ্গাইল), দাউদকান্দি (কুমিল্লা), মুন্সিগঞ্জ ও গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি