কষ্ট ছাপিয়ে মা হওয়ার আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নবজাতক ও মা। সেবায় ব্যস্ত স্বজন ও চিকিৎ​সকেরা l  প্রথম আলো
নবজাতক ও মা। সেবায় ব্যস্ত স্বজন ও চিকিৎ​সকেরা l প্রথম আলো

নবজাতক ছেলেকে নিয়ে হাসপাতালের বিছানায় শুয়ে আছেন মা সেলিনা আক্তার। অস্ত্রোপচারের কষ্ট ছাপিয়ে তাঁর চোখেমুখে প্রথম মা হওয়ার আনন্দ। আনন্দের হাসি সেলিনার অভিভাবক এবং চিকিৎসকদের মধ্যেও। চিকিৎসকদের খুশির কারণ গতকাল বুধবার প্রথমবারের মতো এই হাসপাতালটিতে কোনো অন্তঃসত্ত্বা নারীর অস্ত্রোপচার হয়েছে। চট্টগ্রাম নগরের পূর্ব বাকলিয়া এলাকার ১০ শয্যার এই হাসপাতালের নাম মা ও শিশুকল্যাণ কেন্দ্র।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন এই হাসপাতালটিতে গত ৩১ জুলাই থেকে প্রসূতিসেবা চালু করা হয়। হাসপাতালটিতে এ পর্যন্ত ৩৩ জন প্রসূতি স্বাভাবিক প্রক্রিয়ায় সন্তান প্রসব করেন। কিন্তু কিছু জটিলতার কারণে স্বাভাবিক প্রক্রিয়ায় সন্তান প্রসব করা যাবে না বলে চিকিৎসকেরা সেলিনার পরিবারকে আগেই জানিয়ে দেন। পরে তাঁর অভিভাবকেরা এখানেই অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসবের সিদ্ধান্ত নেন।
সেলিনার স্বামী আবদুল্লাহ আল নোমান একটি বায়িং হাউসে চাকরি করেন। তিনি বলেন, ‘আমার স্ত্রীকে শুরু থেকেই এই হাসপাতালেই দেখিয়ে আসছি। এখানকার সেবা অনেক বড় হাসপাতালের চেয়ে ভালো। ওষুধপথ্যও বিনা মূল্যে এখান থেকে দিয়েছে। অনেকে সিজার (অস্ত্রোপচার) করার জন্য বড় হাসপাতালে নিয়ে যায় রোগীদের।’
মঙ্গলবার রাতে প্রসবব্যথা উঠলে সেলিনাকে হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সকাল সাড়ে নয়টায় তাঁর অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচার করেন বিশেষজ্ঞ চিকিৎসক প্রতিমা রানী ত্রিপুরা। তাঁকে সহায়তা করেন অপর বিশেষজ্ঞ চিকিৎসক শিল্পী চৌধুরী ও রীতা পাল। অবেদনবিদ ছিলেন ছেহেলী নার্গিস।
অস্ত্রোপচারে অংশ নেওয়া চিকিৎসক শিল্পী চৌধুরী বলেন, এই কেন্দ্রটির কার্যক্রম শুরু হয় জানুয়ারি মাসে। এখানে জরুরি প্রসূতিসেবা ও বিভিন্ন পরিবার পরিকল্পনা সেবাসহ নানা সেবা দেওয়া হয়। প্রথমবারের মতো অস্ত্রোপচার হলো। মা ও শিশু ভালো আছে।
অস্ত্রোপচারের সময় উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক শেখ রুকুনুদ্দীন। তিনি বলেন, ১০ শয্যার এই হাসপাতালটি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলামের সহযোগিতায় হয়েছে।