কষ্ট নিয়ে বেঁচে আছি: আবুল কাসেম ফজলুল হক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবুল কাসেম ফজলুল হক
আবুল কাসেম ফজলুল হক

জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তারের খবরে তাঁর বাবা আবুল কাসেম ফজলুল হক বলেছেন, তিনি কষ্ট নিয়ে বেঁচে আছেন। আজ বুধবার দুপুরের দিকে তাঁর পরিবাগের বাসায় প্রথম আলোর কাছে এ প্রতিক্রিয়া জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।
আবুল কাসেম ফজলুল হক বলেন, ‘দীপনকে ফিরে পাওয়ার তো আর কোনো উপায় দেখি না। এই কষ্ট নিয়েই বেঁচে আছি। ওর ছেলেমেয়েদের এখনো বুঝে ওঠার বয়স হয়নি। তবু মেয়েটা মানসিকভাবে খুব বিপর্যস্ত হয়ে পড়েছে। দীপনের খুব আদরের মেয়ে ছিল ও। দীপন মারা যাওয়ার পর ও একদম চুপচাপ হয়ে গেছে।’
গত বছরের ৩১ অক্টোবর ফয়সাল আরেফিন আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনার অফিসে খুন হন। আনসার আল ইসলাম ওই খুনের দায় স্বীকার করেছে।

ফয়সাল আরেফিন দীপন হত্যায় জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন গ্রেপ্তার হওয়া মইনুল হাসান শামীম। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপকমিশনার মাসুদুর রহমান আজ বুধবার এমনটাই জানিয়েছেন। দীপন হত্যার ঘটনায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় টঙ্গী থেকে শামীমকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়। তাঁর সম্পর্কে তথ্য দিতে দুই লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল ডিএমপি।

দীপনের বাবা আবুল কাসেম ফজলুল হক বলেন, তিনি বিশ্বাস করেন পুলিশ, র‍্যাব ও গোয়েন্দা সংস্থাগুলো, সর্বোপরি সরকার আন্তরিকভাবে খুনিদের ধরার চেষ্টা করছে। যদিও বিভিন্ন সময় অনেক খবর এসেছে। এমনকি আসামিরা পালিয়ে গেছে, এমন খবরও শোনা গিয়েছিল। তবে পুলিশ বিভাগের প্রতি তাঁর কোনো অভিযোগ নেই বলেও জানান তিনি।

মৌলবাদ বা জঙ্গিবাদের উত্থান যে কারণে, তা নিয়ে কোনো মহলে তেমন আলোচনা হয় না বলে অভিযোগ করেন আবুল কাসেম ফজলুল হক। ধর্মনিরপেক্ষতা ও রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে কোনো বিতর্ক-বিরোধ দেখতে চান না বলে তিনি উল্লেখ করেন। সব মহলের নৈতিক উত্থান ছাড়া সমস্যার মোকাবিলা সম্ভব হবে না বলেও তিনি মন্তব্য করেন।

আবুল কাসেম ফজলুল হক বলেন, ‘দীপনসহ যারা খুন হয়েছে, তাদের বিরুদ্ধে কারও তো কোনো অভিযোগ নেই। তারা কোনো দিন কাউকে কষ্ট দেয়নি। যারা ওদের খুন করেছে, তারা জল্লাদ। এই জল্লাদদের পেছনে যারা, তাদেরও বিচার হওয়া খুব দরকার।’