
১৯৯২ সাল! তাঁর চাকরিজীবনের সবে শুরু। জন্মনিয়ন্ত্রণ সচেতনতা কর্মসূচির অংশ হিসেবে গেলেন এক নবদম্পতির ঘরে। কথায় কথায় বধূটির হাতে তুলে দিলেন জন্মনিয়ন্ত্রণের বড়ি। এতে তেলেবেগুনে জ্বলে ওঠেন পরিবারের সবাই। নববধূর স্বামী-শাশুড়িসহ পরিবারের লোকজন তাঁর দিকে তেড়ে আসেন। তাঁদের এক কথা, বড়ি ফেরত না নিলে বউ তালাক! এই পরিস্থিতিতে আর কথা না বাড়িয়ে তিনি জন্মনিয়ন্ত্রণের বড়ি ফেরত নেন।
সিলেটের গোয়াইনঘাট উপজেলার প্রত্যন্ত এক গ্রামের ঘটনা এটি। আর সেই তিনি হলেন মনোয়ারা বেগম। উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের পরিবারকল্যাণ সহকারী (এফডব্লিউএ)। চাকরিজীবনের শুরুতে হোঁচট খাওয়ার ঘটনা সেই যে শুরু, এখনো তা চলছেই।মনোয়ারা বলেন, সেসব বেদনাময় স্মৃতি আজও মনে পড়ে। তবে তিনি হাল ছাড়েননি। প্রথম দিনের তিক্ত অভিজ্ঞতা সত্ত্বেও ওই দম্পতির সঙ্গে তিনি নিয়মিত যোগাযোগ রাখেন। ওই পরিবারের যেকোনো সদস্যের স্বাস্থ্যগত সমস্যায় সেবামূলক পরামর্শ অব্যাহত রাখেন। পাঁচ বছরের মাথায় জন্মনিয়ন্ত্রণ সম্পর্কে সেই দম্পতির ধারণা পাল্টায়। মনোয়ারা বলেন, ‘বড়ির জন্য তালাকের মুখে পড়া সেই গৃহবধূ একপর্যায়ে জন্মনিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি গ্রহণ করেন। আর এতে আমার মনের যত কষ্ট দূর হয়। সেই দম্পতি এখন আমাকে সম্মান দেখায়। বলতে পারেন, আমার চাকরিজীবনের এইটিই শ্রেষ্ঠ অর্জন।’
নিরলস সেবা দেওয়ার স্বীকৃতিও জুটেছে মনোয়ারার। পরিবার পরিকল্পনা বিভাগে ওয়ার্ড পর্যায় থেকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পরিবারকল্যাণ সহকারী হিসেবে এর আগে ছয়বার পুরস্কৃত হয়েছেন। এবার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছেন তিনি। আজ ১১ জুলাই, বিশ্ব জনসংখ্যা দিবসে সিলেটে পরিবার পরিকল্পনা বিভাগ আয়োজিত ‘পরিবার পরিকল্পনা: জনগণের ক্ষমতায়ন, জাতির উন্নয়ন’ শীর্ষক অনুষ্ঠানে মনোয়ারার হাতে তুলে দেওয়া হবে এই পুরস্কার।
গোয়াইনঘাট উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার দপ্তর সূত্রে জানা গেছে, এ জেলার ৪০০ পরিবারকল্যাণ সহকারীর মধ্যে একজনই পাচ্ছেন এই পুরস্কার। শ্রেষ্ঠত্ব নির্বাচনের ছক অনুযায়ী (গত বছরের এপ্রিল থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত) মনোয়ারা নারী ও পুরুষের জন্মনিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি ব্যবহারে ১৩৭ ভাগ বেশি সফল হয়েছেন। তাঁর কর্মএলাকার দম্পতির সংখ্যা ১৭৪। জন্মনিয়ন্ত্রণে এ বছর স্থায়ী পদ্ধতি গ্রহণের লক্ষ্যমাত্রা ছিল ১৬ জনের। সেখানে তিনি ২২ দম্পতিকে স্থায়ী পদ্ধতি ব্যবহার করতে উদ্বুদ্ধ করতে পেরেছেন।
তবে পরিবার পরিকল্পনা কর্মসূচি বাস্তবায়নে সাফল্যের দিক দিয়ে সারা দেশের মধ্যে এখনো সবচেয়ে পিছিয়ে আছে সিলেট বিভাগ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় প্রকাশিত এবারেরপরিবারপরিকল্পনা, মাতৃওশিশুস্বাস্থ্যকর্মসূচি পুস্তিকার তথ্য অনুযায়ী, দেশে মোট প্রজননহার বা নারীপ্রতি সন্তান জন্ম (টিএফআর) যেখানে ২ দশমিক ৩, সেখানে সিলেটে এ হার ২ দশমিক ৯।
একইভাবে দেশে জন্মনিয়ন্ত্রণপদ্ধতি ব্যবহারের হার ৬২ দশমিক ৪ হলেও সিলেটে তা ৪৮ ভাগ। জন্মনিয়ন্ত্রণের বার্তা পৌঁছেনি বা সচেতনতার কর্মসূচির বাইরে আছেন, এমন দম্পতি দেশে ১২ শতাংশ, অথচ সিলেটে এ হার ১৮ শতাংশ।
তবে এ অবস্থা মনোয়ারাদের মাধ্যমে একদিন কাটবে বলে আশা করেন গোয়াইনঘাট উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মহিতোষ মজুমদার। গতকাল সোমবার তিনি বলেন, ‘যেখানে কর্মসূচি বাস্তবায়ন চেষ্টাটাই বড় কষ্টের, সেখানে আমরা সামনের দিকে এগোচ্ছি মনোয়ারাদের সফলতায়।’
মনোয়ারার বেগমের বাড়ি গোয়াইনঘাটের উপরকোটাপাড়া গ্রামে। তাঁর বাবা হেলাল আহমদ ছিলেন পল্লি চিকিৎসক। তিনি বেঁচে নেই। মা সুফিয়া আহমদ পরিবার পরিকল্পনা বিভাগের পরিদর্শিকা (এফডব্লিউভি) পদে চাকরি করে অবসর নিয়েছেন। তিনিও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছিলেন। মায়ের চাকরির সুবাদে ছোটবেলা থেকেই পরিকল্পিত পরিবার, ছোট পরিবার—সুখী পরিবার, এ রকম কথা ও কাজের সঙ্গে মনোয়ারার পরিচিতি ঘটে। শেষে মায়ের পরামর্শে ১৯৯২ সালে এসএসসি পাস করার পর মনোয়ারা যোগ দেন পরিবারকল্যাণ সহকারী পদে। তাঁর পরিবারও পরিপাটি। স্বামী মোস্তফা হোসাইন ডাক বিভাগে চাকরি করেন। তাঁদের দুই ছেলে। একজন কাতারে ডিপ্লোমা প্রকৌশল বিষয়ে পড়াশোনা করছেন, অন্যজন সিলেটে কম্পিউটার সায়েন্সে।
গত রোববার তাঁর কর্মএলাকা আলীরগাঁওয়ে গিয়ে আলাপ হয় মনোয়ারার সঙ্গে। এ নিয়ে সপ্তমবারের মতো শ্রেষ্ঠ হওয়ায় আনন্দিত মনোয়ারা বলেন, ‘২৫ বছরে হাজার মাইল পথ হাঁটছি। মানুষের নানান বাধা সত্ত্বেও বাড়ি বাড়ি গেছি। অন্তত ২৫ হাজারবার তিক্ত অভিজ্ঞতা লাভ করেছি। কষ্ট পাইছি খুব। মনের দুঃখে অনেকবার ভাবছি চাকরি ছাড়মু। মায়ের উৎসাহ আছিল, তাই চাকরি ছাড়ছি না।’
মনোয়ারা বলেন, আগের সেই অবস্থা আর নেই। এত দিনে মানুষ অনেক সচেতন হয়েছে। রাস্তাঘাটে চলার সময় আগে মানুষজনকে সালাম দিলেও জবাব পেতেন না। এখন লোকজন তাঁকে বেশ সমীহ করেন, সম্মান দেখান। তিনি বলেন, ‘এসবই জুটেছে, এত কষ্ট সয়ে এই পথে আছি বলে। আছে বহু সুখস্মৃতিও।’