আকিজ গ্রুপের বিক্রয় প্রতিনিধি আলী হোসেন। বাড়ি ময়মনসিংহে। পরিবার নিয়ে থাকেন জৈনপুরে। জঙ্গি আস্তানা আতিয়া মহল তাঁর বাড়ি থেকে দেখা যায়। অভিযানের দিন থেকে ঘরে তিনি অনেকটা অবরুদ্ধ হয়ে আছেন। ঘরে বাজারসদাই নেই, আশপাশের দোকানপাটও বন্ধ। ঘরে থাকার মধ্যে আছে শুধু চাল আর ডাল। গত শনিবার ভোর থেকে গ্যাসের চুলা বন্ধ। ঘরের এক কোণে ইট দিয়ে চুলা বানিয়ে চলছে এক বেলা রান্না। গতকাল সোমবার দুপুরে তাঁর ঘরে গিয়ে দুপুরে রান্নার আয়োজন দেখা গেল।
আলী হোসেন বললেন, গ্যাস বন্ধ, জ্বালানি কাঠ নেই। ঘরে রাখা পুরোনো একটি চেয়ার ভেঙে লাকড়ি বানিয়েছেন।
শুধু আলী হোসেন নন, তাঁর মতো আরও কয়েক হাজার মানুষের রোজকার জীবনযাপন বদলে গেছে গত কদিনে। সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি-পাঠানপাড়া এলাকায় জঙ্গি আস্তানা নির্মূলে আতিয়া মহলে অভিযান শুরুর পর থেকে ভীতিকর এক পরিবেশে বসবাস করছেন ওই এলাকার বাসিন্দারা। বাইরে গোলাগুলি, চলাচল নিয়ন্ত্রিত, দোকানপাট বন্ধ। স্বাভাবিক জীবনযাপনে নেমে এসেছে তাই নিদারুণ কষ্ট। এই কষ্টের মাঝেও তাঁদের সবার মুখে এক কথা—তবু জঙ্গিমুক্ত হোক এলাকা।
জৈনপুরে বসবাসকারী আলী হোসেন বললেন, ‘জানি না এভাবে কত দিন চলতে পারব। এলাকা জঙ্গিমুক্ত না হলেও তো বিপদ। কষ্ট সহেও চাই স্বস্তি।’
আতিয়া মহল সিলেট সিটি করপোরেশনের শিববাড়ি ও পাঠানপাড়ায় অবস্থিত। এর আশপাশে রয়েছে পৈত্যপাড়া, কৃষাণপুর ও জৈনপুর। গত শনিবার সকাল থেকে সেনা অভিযান শুরুর সময় পুরো এলাকার গ্যাস-সংযোগ বন্ধ করে দেওয়া হয়। এই চার এলাকার মানুষজন দৈনিক বাজার-হাট করেন শিববাড়ি বাজার থেকে। সেই বাজারের সব দোকানপাট শনিবার থেকে বন্ধ। বাজার থেকে অল্প দূরে মহল্লাকেন্দ্রিক কিছু দোকানপাট আছে। কিন্তু সেগুলোর পণ্যসামগ্রীও অভিযান শুরুর দ্বিতীয় দিন থেকে ফুরিয়ে গেছে।
মুদি দোকানদার আবদুল করিম বললেন, তাঁর দোকানে চিড়া ও কলা বিক্রি হতো। গতকাল সকালে তিনি নিজের জন্য ১০ কেজি চিড়া ও কয়েক হালি কলা রেখে দোকান বন্ধ করেছেন। করিম ২৫ সদস্যের যৌথ পরিবারের একজন। বললেন, ‘আমরা ছোট-বড় সবাই এক বেলা ভাত খাই, বাকি সময় চিড়া খাইয়াই আছি।’
বাড়ির সামনে কয়লা দিয়ে টিনের চুলায় রান্না করছিলেন তালুকদারপাড়ার গৃহিণী রুনা বেগম। কিছুটা ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এলাকার অনেকেই গ্যাসের চুলা ব্যবহারে অভ্যস্ত। হঠাৎ করে এ রকম টানা কয়েক দিন হওয়ায় ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে। রুনা বলেন, ‘এ কষ্ট তো খাওয়াদাওয়ার। কিন্তু আসল কষ্ট অইল ওই বাড়িটা (আতিয়া মহল)। এই বাড়ি মুক্ত না হলে আমরা বিপদমুক্ত না।’
জালালাবাদ গ্যাসের দক্ষিণ অঞ্চলের ব্যবস্থাপক রুস্তম আলী চৌধুরী গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, আতিয়া মহলের আশপাশের এলাকার বাসাবাড়ির গ্যাসের সংযোগ ‘ওপরের নির্দেশে’ বন্ধ রয়েছে। কবে নাগাদ গ্যাস-সংযোগ সচল হবে—এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি। তবে অপর একটি সূত্র জানায়, অভিযান সমাপ্ত হওয়ার পর সরেজমিন পর্যবেক্ষণ শেষে গ্যাস-সংযোগ চালু করা হবে।
গতকাল আতিয়া মহলের পাশের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষক-শিক্ষার্থী কাউকে পাওয়া গেল না। বৃহস্পতিবার দিন শেষে স্বাধীনতা দিবসসহ তিন দিনের সরকারি ছুটি কাটিয়ে গতকাল খোলা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খাঁ খাঁ করছে। পাঠানপাড়ার মুখে জহির-তাহির মেমোরিয়াল উচ্চবিদ্যালয়টি শুক্রবার থেকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। এর পাশে একটি মাদ্রাসাও খালি রাখা হয়েছে। মহালক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুপুর সাড়ে ১২টায় গিয়ে দেখা গেল, প্রধান ফটকে তালা। মুঠোফোনে প্রধান শিক্ষক লাইলী বেগমের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, সকালে তিনি বিদ্যালয়ে গিয়েছিলেন। কিন্তু গিয়ে দেখেন, ৬০০ শিক্ষার্থীর কেউ উপস্থিত হয়নি। আটজন শিক্ষকের একজনও আসেননি। এই অবস্থায় তিনি বিদ্যালয় বন্ধ করে ফিরেছেন।
মহালক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন অভিভাবক রবিউল ইসলাম। তিনি বলেন, ‘আমরা যতটা সম্ভব শিশুদের ঘরের বা বাড়ির বাইরে নিয়ে আসছি না। যেখানে বড়রা পর্যন্ত ভয়ের মধ্যে আছেন, সেখানে ছোটদের এ পরিস্থিতির মধ্যে ফেলা উচিত নয়।’
আরেক বাসিন্দা মতিউর রহমান বলেন, এই এলাকায় এ রকম ঘটনা হবে, তাঁরা কল্পনাও করেননি। জঙ্গি ধরা পড়লে ছোট-বড় সবার স্বস্তি মিলবে।
এ ছাড়া মাঝপাড়া, জৈনপুর, তালুকদারপাড়া, তেলিপাড়া, ফকিরপাড়া, গালিমপুর, চান্দাই এলাকার ১০ থেকে ১৫ জনের সঙ্গে আলাপ হয়। তাঁরা সবাই চান, জঙ্গিরা ধরা পড়ুক।
জঙ্গিবিরোধী সচেতনতায় কমিটি হবে
সিলেটের দক্ষিণ সুরমার প্রতিটি পাড়া ও মহল্লায় জঙ্গিবিরোধী সচেতনতায় কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ। গতকাল দুপুরে তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বোমা হামলায় আহত ব্যক্তিদের দেখতে গিয়ে শিববাড়ি-পাঠানপাড়ার বাসিন্দা এবং বোমা হামলায় আহতদের স্বজনদের প্রতি এই আহ্বান জানান। মিসবাহউদ্দিন সিরাজ ২০০৪ সালের ৭ আগস্ট সিলেটের গুলশান সেন্টারে জঙ্গিদের গ্রেনেড হামলায় আহত হয়েছিলেন। তখন তিনি সিলেট নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।