
ঈদে ঘরমুখী মানুষের ঢল নেমেছিল গতকাল শুক্রবার রাজধানীর কমলাপুর রেলস্টেশনে। ট্রেনে উঠতে ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি, ছাদে ওঠার লড়াই—ঈদযাত্রার চিরচেনা এই কষ্টের মধ্যেও ট্রেনযাত্রীদের উচ্ছ্বাসের কমতি ছিল না। গতকাল দু-একটি ট্রেন ছাড়া সব ট্রেন সময়মতো স্টেশন ছাড়ায় যাত্রীদের মধ্যে ছিল স্বস্তি।
গত বৃহস্পতিবার দুপুরের পর থেকেই স্টেশনে ঈদে ঘরমুখী মানুষের ভিড় শুরু হয়। সেই ভিড় দেখা যায় গতকাল রাত অবধি।
মহাসড়কের মতো যানজট ও ধীরগতির আশঙ্কা না থাকায় যাত্রায় একধরনের স্বস্তির কথা জানান ট্রেনযাত্রীরা। ট্রেনের কামরায় মানুষের ভিড়ে নিজের আসন খুঁজে পাচ্ছিলেন না দিনাজপুরগামী একতা এক্সপ্রেস ট্রেনের যাত্রী চাকরিজীবী সুরাইয়া পারভিন। কোনোমতে জানালার পাশে নিজের আসনে বসার পর বললেন, ‘এত ভিড়। যা–ই হোক, বাসে গেলে তো ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় বসে থাকা লাগত, এখন আরামসে বাড়ি যাব—এতেই স্বস্তি।’
বিকেল পর্যন্ত কমলাপুর স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে ৩৫টি ট্রেন ছেড়ে যায়। প্রায় সব কয়টি ট্রেন সময়মতো স্টেশন ছেড়ে যাওয়ায় স্বস্তি ছিল যাত্রীদের। যান্ত্রিক ত্রুটি, যাত্রীর চাপের কারণে চারটি ট্রেন স্টেশন ছাড়তে ৪০ মিনিট থেকে দুই ঘণ্টা পর্যন্ত বিলম্ব করে। ইঞ্জিনে ত্রুটি থাকায় দুই ঘণ্টা দেরিতে বেলা ১১টায় ছাড়ে রংপুর এক্সপ্রেস।
গত মঙ্গলবার কমলাপুর স্টেশনের স্বয়ংক্রিয় সংকেতব্যবস্থা তিন ঘণ্টার জন্য বিকল হয়ে পড়লে সেদিন ২৩টি ট্রেনের সময় বিপর্যয় হয়। এর রেশ হিসেবে বুধবার ১০টি ট্রেনে সময় বিপর্যয় হয়। তবে বৃহস্পতিবার তা কাটিয়ে ওঠে রেল কর্তৃপক্ষ।
রেল কর্তৃপক্ষ বলেছে, স্বয়ংক্রিয় সংকেতব্যবস্থায় সমস্যা হলে যাতে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া যায়, সে জন্য কমলাপুর ও টঙ্গী স্টেশনে দুজন সংশ্লিষ্ট প্রকৌশলীকে সার্বক্ষণিক দায়িত্ব দেওয়া হয়েছে।
গতকাল একতা এক্সপ্রেস ছাড়ার কথা ছিল সকাল ১০টায়। যানজটের কথা ভেবে সাড়ে আটটায় পরিবারের পাঁচ সদস্যকে নিয়ে স্টেশনে চলে আসেন আবদুস সামাদ। বললেন, ‘শুক্রবার রাস্তায় যানজট কম তা জানি। তারপরও আগে আগে আসা, ঈদ আনন্দ বলে কথা।’ একতা এক্সপ্রেস নির্ধারিত সময়ের সাত মিনিট পরই স্টেশন ছেড়ে যায়।
রেলওয়ে কর্তৃপক্ষ বলেছে, গতকাল কমলাপুর থেকে আন্তনগর, মেইল ও কমিউটার মিলিয়ে ৬৬টি ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। এসব ট্রেনে প্রায় ৭৫ হাজার মানুষ ঢাকা ছেড়েছে।
বিকেলে কমলাপুর স্টেশনে পরিদর্শনে আসেন রেলমন্ত্রী মুজিবুল হক। ট্রেনযাত্রীদের কোনো কষ্ট বা ভোগান্তি হচ্ছে কি না, তার খোঁজখবর নেন তিনি। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, ট্রেনযাত্রায় যাত্রীরা সন্তুষ্ট। স্টেশন থেকে সময়মতো ট্রেন ছেড়ে যাচ্ছে। এ বছর যাত্রীরা শতভাগ সেবা পেয়েছে।
রেলমন্ত্রী সাংবাদিকদের বলেন, শুধু যান্ত্রিক গোলযোগের কারণে রংপুর এক্সপ্রেস দেরি হয়। বাকি সব ট্রেন সঠিক সময়ে ছেড়ে গেছে। কেউ কোনো অভিযোগ করেনি। ঢাকায় ফেরার পথেও এই সেবা অব্যাহত থাকবে। ট্রেনের ছাদে যাত্রীদের ওঠা প্রসঙ্গে তিনি বলেন, ‘ছাদে ওঠা আইনে নাই। তারপরও কিছু যাত্রী ওঠে। আমরা বারবার অনুরোধ করি, আপনারা ছাদে উঠবেন না।’
কর্ণফুলী এক্সপ্রেস, জয়ন্তিকা, কিশোরগঞ্জ, অগ্নিবীণা, চট্টলা, মোহনগঞ্জ, দেওয়ানগঞ্জ এক্সপ্রেস, উপকূল, কালনী এক্সপ্রেস সময়মতো ছেড়ে যায়। ধূমকেতু এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস, পারাবত, সোনার বাংলা, এগারসিন্দুর, তিস্তা, এগারসিন্দু প্রভাতী, মহানগর প্রভাতী, সিল্ক সিটি, নীলসাগর—এই ট্রেনগুলো নির্ধারিত সময়ের অল্প পরে স্টেশন ছেড়েছে।
রাজশাহী এক্সপ্রেস ছাড়তে ১ ঘণ্টা ৪০ মিনিট ও ময়মনসিংহগামী ঈশাখাঁ ট্রেন ছাড়তে ৪০ মিনিট দেরি হয়। রেলওয়ের সূত্র বলেছে, যাত্রীর চাপের কারণে কোনো কোনো ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে ১০ থেকে ২০ মিনিট দেরিতে ছেড়েছে।
ট্রেনযাত্রীদের মধ্যে যাঁরা অগ্রিম টিকিট কাটেননি বা টিকিট কাটতে পারেননি, তাঁরা অনেকে দাঁড়িয়ে যাওয়ার টিকিট কেটেছেন। আবার অনেকে ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে উঠেছেন। সকাল থেকে স্টেশন ছেড়ে যাওয়া প্রায় সব পথের ট্রেনের ছাদেই লোক উঠতে দেখা গেছে। পুরুষের পাশাপাশি নারী ও শিশুদেরও ছাদে উঠতে দেখা যায়।
দেওয়ানগঞ্জ স্পেশাল ট্রেন ও একতার ছাদেও পুরুষদের পাশাপাশি কয়েকজন নারী ও শিশুকে দেখা যায়। রংপুর এক্সপ্রেস ছাড়তে দেরি করায় এর বগিগুলোতে অনেক মানুষ গাদাগাদি করে ওঠে। ছাদেও কয়েক শ লোক উঠে পড়ে। ভেতরে দাঁড়ানো চাকরিজীবী রায়হান শরীফ বগুড়ায় যাবেন। বললেন, ‘পুরো পথ দাঁড়িয়ে যেতে কষ্ট তো হবেই। কিন্তু কী করা? ট্রেনটাও সময়মতো ছাড়ছে না। সব কষ্ট ভুলে যাব বাড়ি যেয়ে সবাইকে পেয়ে। ঈদের ঝক্কি আর আনন্দ তো এখানেই।’
কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী বলেন, সকাল থেকে সব ট্রেনই নির্ধারিত সময়ে যাচ্ছে। যাত্রীর চাপ আছে, তবে যাত্রীরা স্বস্তিতেই ট্রেনে যাচ্ছেন।
বিমানবন্দর স্টেশনেও ছিল উপচে পড়া ভিড়। যাত্রীদের অভিযোগ, অনেক ট্রেনের বগিতে নম্বর স্পষ্ট করে লেখা না থাকায় খুঁজে পেতে সমস্যা হয়েছে। এই স্টেশনে ট্রেনও বেশিক্ষণ দাড়ায় না, তাই হুলুস্থুল কাণ্ড লেগে যায়।
গতকাল বিমানবন্দর স্টেশনে বেলা দেড়টা থেকে চার ঘণ্টা অবস্থান করে আন্তনগর এবং কমিউটার মিলিয়ে নয়টি ট্রেনকে বিভিন্ন গন্তব্যে চলে যেতে দেখা যায়।
একটি ট্রেন প্ল্যাটফর্মে ঢোকার সঙ্গে সঙ্গে আগে ওঠার প্রতিযোগিতায় নামেন সবাই। বগি খুঁজতে গিয়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। কোনো কোনো বগির গায়ে স্পষ্ট করে নম্বর লেখা না থাকায় এবং বগিগুলো নম্বর অনুসারে সারিবদ্ধ না হওয়ায় এই সমস্যা হয়।