কষ্টই তাঁদের নিত্যসঙ্গী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুলফুলি, কল্পনা, খিরোবালা, অমিলা এসব নামে অমিল থাকলেও কষ্টগুলোর সঙ্গে মিল খুঁজে পাওয়া যায় সবার। এঁরা সবাই কৃষিশ্রমিক। কারও স্বামী নেই, কারও বা থেকেও নেই। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে কাজ করে তাঁদের সবার দিন চলে।
বেলা প্রায় একটা। প্রখর রোদ, খোলা আকাশের নিচে সারিবদ্ধ হয়ে পাটের আঁশ ছড়াচ্ছেন আটজন মধ্যবয়সী নারী।
গত শনিবার নীলফামারী ডোমার সড়কের ধারে দক্ষিণ চিকনমাটি গ্রামে দেখা গেল এ দৃশ্য। কথা বলে জানা গেল, তাঁদের সবার বাড়ি ডোমারের হরিণচড়া ইউনিয়নের বালারডাঙ্গা গ্রামে। এ সময় কল্পনা রানী রায় (৪৫) বলেন, ‘স্বামী রমানাথ রায় মানসিক প্রতিবন্ধী, কামকাইজ করির পায় না, ঘরত তিনটা মেয়ে আছে, ভিটা ছাড়া জমি-জিরাত কিছুই নাই। কাম না কইরলে খামো কী? রোদ আর বৃষ্টি হামার নিত্যদিনের সঙ্গী।’
অমিলা রানী রায় (৫৫) বলেন, ‘বিয়ার এক বছর পর স্বামী গুড়িয়া মরি গেইছে। আর বিয়াও করি নাই। নিজের ভিটাও নাই, বনুর (ভগ্নিপতি) বাড়িত থাকি, নিজে করি নিজে খাই। কাম না কইরলে ভাত নাই।’
ফুলফুলি (৬০) স্বামীর নাম জানতে চাইলে বলেন, ‘একটা দ্যাশের নাম যেইটা মোর স্বামীর নামও সেইটা। পরে তাঁর সহকর্মীদের কাছ থেকে জানা গেল, তাঁর স্বামীর নাম কামুখ্খা।’
এ সময় ফুলফুলি বলেন, ‘বুড়াটা কাহিলাপড়া, কাইজকাম কিছুই করির পায় না, চলিবারও পারে না। মুই কাইজকাম করি খাওয়াও। বুড়াটা ১ হাজার ২০০ টাকা বয়স্ক ভাতা পায়, ওইটা দিয়া বুড়ার দিন যায় না।’
অসুখ নিয়ে সেখানে কাজ করছিলেন খিরো বালা (৫০)। তিনি বলেন, ‘স্বামী পাঁচ বছর আগে মারা গেছে, মোর যে ওষুখ কামকাজও করির পাও না, এক দিন কাম কইরলে ১০ দিন পড়ি থাকির নাগে। স্বামী থাইকতে চিকিৎসা করির পাও নাই এলা কেমন করি, এলা মোর পেটে চলে না।’
অন্যদের সবার অবস্থাই প্রায় একই রকম বলে জানালেন তাঁরা। তাঁরা দলবদ্ধভাবে ঠিকায় কাজ নিয়ে যা আয় হয়, তাই সমান ভাগে ভাগ করে নেন বলেও জানালেন তাঁরা। তাতে প্রতিদিন তারা প্রায় দেড় শ টাকা করে আয় করেন বলে জানান। তাঁদের অনেকেই ১০০ দিনের কর্মসৃজন কর্মসূচিসহ সরকারি কোনো সহযোগিতা পান না বলে জানান।
এ বিষয়ে কথা বললে স্থানীয় হরিণচড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমার ইউনিয়নে অভাবী মানুষের সংখ্যা বেশি, সরকারি সাহায্য কম। তবে ভিজিএফ, ভিজিডি দুস্থদের মাঝেই বিতরণ করা হয়। ১০০ দিনের কর্মসৃজন কর্মসূচিতে একটি ওয়ার্ডে ১৪ জনকে দেওয়া যায়। তিন বছর আগে ১০০ দিনের কর্মসৃজন কর্মসূচিতে ইউনিয়নের ৩৮৪ জনকে দেওয়া যেত, এখন সেখানে পাচ্ছি গোটা ইউনিয়নে মাত্র ১০০ জন। আমি তাঁদের খোঁজখবর নিয়ে দেখব, যাঁরা সরকারি কোনো সুবিধা পাচ্ছেন না, তাঁদের সে ব্যবস্থা করার চেষ্টা করব।’