কষ্টে আছে মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলার ফাকিরপাড়া গ্রামের প্রায় ৫০০ লোক শীতবস্ত্রের অভাবে কষ্ট পোহাচ্ছে। গ্রামের ভিখারি সাহেরা বেগম (৫০) বলেন, আট-নয় বছরেও মুই এমতোন জার দেখোও নাই বাহে। খালি হিড় হিড় করি ঠান্ডা বাতাস ঘরটাত ঢোকে। ঠান্ডায় মুই কাবু হয়া গেছুন। তোমরা মোক একনা কম্বলের ব্যবস্থা করি দেও। গতকাল মঙ্গলবার সকালে তাঁর বাড়িতে গিয়ে দেখা যায়, তীব্র শীতে তিনি জবুথবু হয়ে বসে আছেন ঘরের বারান্দায়। প্রতিবেশী মোসলেমা খাতুন (৩৭) বাড়ির উঠানে খড়কুটায় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। ইকরচালী ইউনিয়নের এই গ্রামে ১৫০ পরিবারে প্রায় ৫০০ লোকের বসবাস। ১০-১২টি পরিবার ছাড়া সবাই ভূমিহীন। শীতে এসব গরিব মানুষ সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে। বিধবা মনোয়ারা বেগম (৩৬) বলেন, ‘একটা ছাওয়া নিয়া গরম কাপড়ের জন্য কতজনের কাছোত হাত পাতনু। কিন্তুক কাওয়ো মোর ছাওয়াটার পাকে দেকিল না। ছাওয়াসহ মুওয়ো শীতোত কষ্ট পাওছো।’ দিনমজুর মকবুল হোসেন (৩৫) বলেন, ‘বাচ্চাদের গরম কাপড় কিনবার জন্য দুদিন তারাগঞ্জ বাজারোত গেছনু। দাম বেশি হওয়োয় ছাওয়ার জন্য গরম কাপড় কিনবার পারোং নাই।’ ওই গ্রামের বাসিন্দা ইকরচালী ইউনিয়ন পরিষদের সদস্য জিয়াউর ইসলাম বলেন, সরকারিভাবে যে দুটি কম্বল বরাদ্দ পেয়েছিলাম তা দুজন বয়স্ক মহিলাকে দিয়েছি। ‘এখনো গ্রামে যে দুই শতাধিক হতদরিদ্র আছেন, তাঁরা শীতবস্ত্রের জন্য সকাল-বিকেল আমার বাড়িতে ধরনা দিচ্ছেন।’ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আজম বলেন, সরকারিভাবে দুই দফায় ৩১০টি কম্বল বরাদ্দ পাওয়া গেছে। তা জনপ্রতিনিধিদের মাধ্যমে হতদরিদ্রদের মধ্যে বিতরণ করা হয়েছে।