কষ্টে আছেন নকলনবিশেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলম, কালি নিজের। বালাম বইয়ের এক পৃষ্ঠা লিখলে নকলনবিশ (এক্সট্রা মোহরার) কর্মচারীদের মজুরি ধরা হয় ২৪ টাকা। একেকজন সারা দিন টানা লিখেও ১৩ থেকে ১৪ পৃষ্ঠার বেশি লিখে উঠতে পারেন না। চুক্তিভিত্তিক চাকরি করায় এতে মাসে নয় থেকে সাড়ে নয় হাজার টাকার বেশি আয় হয় না তাঁদের। কিন্তু মাসের পর মাস ওই সামান্য টাকাও পাচ্ছেন না তাঁরা। বগুড়ার দুপচাঁচিয়া সাবরেজিস্ট্রি কার্যালয়ের নকলনবিশ কর্মচারীদের এ দশা।
নকলনবিশ কর্মচারীরা মূল দলিলের নকল বালাম বইয়ে লেখার কাজ করেন। দুপচাঁচিয়া সাবরেজিস্ট্রি কার্যালয়ে ৩২ জন নকলনবিশ কর্মচারী আছেন। তাঁরা এক বছর যাবৎ বেতন-ভাতা পাচ্ছেন না।
এ রকমই একজন লিপি আকতার। তিনি বলেন, ‘স্বামীর কামাইয়ে সংসার চলে না। ছেলেমেয়ের লেখাপড়ার খরচ জোগাতে স্বামীর সঙ্গে সংসারের হাল ধরতে এ কাজ নিয়েছি। সেই সকালে এসে কাজে বসি। একটানা লেখালেখির কাজ করতে হয়। অনেক মুহুরির হাতের লেখা বোঝা যায় না। তখন থিতে থিতে (ধীরে ধীরে) কিংবা আরেক সহকর্মীর সাহায্য নিয়ে দলিল পড়তে হয়। এ রকম দলিলের সংখ্যাই বেশি। দলিলের লেখা বুঝতে সমস্যা হওয়ায় বালামে লেখার গতিও কমে যায়।’
আরেক কর্মী কামরুল ইসলাম বলেন, ‘এক আত্মীয়ের সহযোগিতায় নকলনবিশের কাজে যোগ দিয়েছি। এ কাজের বেতন সরকারি বেতন স্কেলে হবে, এমন আশায় থেকে এখন বিপদে পড়েছি। নতুন করে কোনো কাজে ঢোকা সম্ভব না। অথচ একজন রিকশাচালক কিংবা দিনমজুরও কাজ করে সঙ্গে সঙ্গে মজুরি পান। আর আমাদের অবস্থা মানুষের কাছে বলা যায় না। এক বছর যাবৎ পারিশ্রমিক পাইনি।’
দুপচাঁচিয়া উপজেলা সাবরেজিস্ট্রার আ ন ম বজলুর রহমান বলেন, ‘প্রতি মাসেই নকলনবিশের কাজের প্রতিবেদন জেলা কর্মকর্তার কাছে পাঠানো হয়। জেলা রেজিস্ট্রার স্যার বেতন-ভাতার বিল করেন। এ অর্থবছরে বরাদ্দ না থাকায় তাঁদের এক বছরে বেতন-ভাতা হয়নি। তবে খুব শিগগির তাঁদের বেতন-ভাতা হবে।’
উপজেলা সাবরেজিস্ট্রি কার্যালয় সূত্রে জানা গেছে, ৩২ জন নকলনবিশ কর্মচারী এ কার্যালয়ে কাজ করেন। তাঁদের মধ্যে নয়জন নারী। সপ্তাহের সাত দিনই কাজ করেন তাঁরা। একেকজন বালাম বইয়ে প্রতিদিন ১৪ পৃষ্ঠার মতো নকল (লিখতে) করতে পারেন। প্রতি মাসে প্রত্যেকের কাজের প্রতিবেদন দেন সাবরেজিস্ট্রার। জেলা রেজিস্ট্রার তাঁদের প্রত্যেকের বেতন-ভাতার বিল করেন। এক বছর ধরে তাঁদের বেতন-ভাতা হচ্ছে না।
বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকলনবিশ) অ্যাসোসিয়েশন দুপচাঁচিয়া উপজেলা শাখার সভাপতি নজরুল ইসলাম বলেন, ‘দিনরাত হাড়ভাঙা পরিশ্রম করেও মাস শেষে বেতন-ভাতা জোটে না। সরকারি বেতন স্কেলে অন্তর্ভুক্তির জন্য ৪০ বছর যাবৎ আন্দোলন করছি। কিন্তু সরকারের টনক নড়েনি।’