কষ্টে আছেন নেত্রকোনার অনেক এসিডদগ্ধ
নেত্রকোনায় কয়েক শ এসিড ব্যবহারকারী প্রতিষ্ঠান আছে। এর মধ্যে হাতেগোনা কয়েকটি ছাড়া কারোরই নিবন্ধন নেই। জাতীয় এসিড নিয়ন্ত্রণ কাউন্সিল জেলা কমিটির সভা নিয়মিত হয়। এসিডদগ্ধ ব্যক্তিদের সহায়ক ও পুনর্বাসন তহবিলেও টাকা জমা আছে। তবে জেলার এসিডদগ্ধ অনেকে কষ্টে আছেন বলে জানা গেছে।জেলা প্রশাসকের কার্যালয় ও বেসরকারি সংস্থা স্বাবলম্বী উন্নয়ন সমিতি সূত্রে জানা যায়, ২০০৯ থেকে ২০১২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত জেলায় ১০২ জন এসিডদগ্ধ হয়েছেন। এর মধ্যে গত বছরের জুন থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ১২ জন এসিডদগ্ধ হন। এ ছাড়া জেলায় এসিড ব্যবহারকারী স্বর্ণালংকারের দোকান, ব্যাটারি ব্যবসাপ্রতিষ্ঠান আছে ৪৫১টি। এর মধ্যে ১২টি নিবন্ধিত। এসিড ব্যবহারকারী শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৯টির মধ্যে আটটি নিবন্ধিত। বাকিগুলোর নিবন্ধন-প্রক্রিয়া চলছে। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘এসিড নিয়ন্ত্রণের জন্য আমরা লাইসেন্স দেওয়ার সময় সাবধানতা অবলম্বন করি। পুলিশ সুপার যথাযথ তদন্তের মাধ্যমে প্রতিবেদন দেওয়ার পরই লাইসেন্স দিয়ে থাকি। কমিটির সভাও নিয়মিত হয়।’ জানা যায়, ২০০৯ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক লাখ টাকা এসিডদগ্ধদের পুনর্বাসন ও সচেতনতা বৃদ্ধি কর্মসূচির জন্য বরাদ্দ দেওয়া হয়। তা থেকে ৫১ হাজার টাকা পুনর্বাসনে ও ৪৯ হাজার টাকা সচেতনতা বৃদ্ধিতে ব্যয় করা হয়। গত মার্চে মন্ত্রণালয় দুই লাখ টাকা বরাদ্দ দেয়।নেত্রকোনা সদর উপজেলার চুচুয়া গ্রামের এসিডদগ্ধ আঙ্গুরা বেগম (৩৭) বলেন, ‘স্বামীর দেওয়া এসিডে আমার দুইডা চোখই নষ্ট অইয়া গেছে। আমার ছেরাডা (ছেলেটা) নাইনে (নবম শ্রেণী), আর মেয়েডা ফাইভে (পঞ্চম শ্রেণীতে) পড়ে। প্রথম আলো ও ব্র্যাক থেকে যে টাকা পাইছিলাম, হেইডা দিয়া চার কাঠা (৪০ শতাংশ) জমি বন্ধক রাকছিলাম। চোখে দেখতে না পারায় কাজ-কাম করতে পারি না। পরিবার নিয়ে চলতে কষ্ট অইতেছে।’নেত্রকোনা শহরের ছোটবাজারে অবস্থিত অনন্যা জুয়েলার্সের কর্মচারী গৌতম বলেন, ‘আমরা দোকানে এসিড ব্যবহার করি না। যাদের লাইসেন্স আছে, তাদের কাছ থাইক্কা কাম (কাজ) করাইয়া নিয়া আসি। ফলে আমাদের লাইসেন্সের দরকার পড়ে না।’অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহামঞ্চদ আবদুল আউয়াল বলেন, ‘এসিড আইনে কিছু দুর্বলতা আছে। তাই অবৈধ এসিড ব্যবহারকারীদের ধরা যাচ্ছে না।’