কষ্টে আছেন বসুমতী
সহিংসতার ঘটনায় নিহত লক্ষ্মী বিজয় চাকমার স্ত্রী বসুমতী চাকমা অভিযোগ করেন, ‘ঘটনার পর প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এক লাখ টাকা পেয়েছি। সেই টাকা থেকেও স্বামীর প্রায় ৩৫ হাজার টাকা ঋণ শোধ করেছি। ক্ষতিগ্রস্ত লোকজনের তালিকায় আমার নাম নেই। বিভিন্ন সংস্থা থেকে সহায়তার আশ্বাস দিলেও পরে আর কেউ খবর নেয়নি।’ বসুমতী চাকমা বলেন, ‘বর্তমানে সাত সন্তান নিয়ে কষ্টে আছি। সাত সন্তানের মধ্যে মাত্র তিন সন্তানকে স্কুলে দিতে পেরেছি। বাকি তিন সন্তানকে নিয়ে দিনমজুর করি। সবচেয়ে ছোট মেয়েটা এখনো কাজ করেত পারে না। স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়া বার্ষিকী কী করে পালন করব, বুঝতে পারছি না।’সাজেক ইউপি সদস্য নয়নরঞ্জন চাকমা প্রথম আলোকে বলেন, নিহত লক্ষ্মী বিজয় চাকমার স্ত্রী বসুমতী চাকমার নাম ক্ষতিগ্রস্ত লোকজনের তালিকায় নেই। তাঁর নাম ক্ষতিগ্রস্তদের তালিকায় থাকা উচিত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বশিরুল হক ভূঁইয়া বলেন, বসুমতী চাকমাকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এক লাখ টাকা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকায় তাঁর নাম দিলে আমরা তো কেটে দিতাম না। স্থায়ী জনপ্রতিনিধিরা ক্ষতিগ্রস্তদের তালিকা করছেন। তবে ক্ষতিগ্রস্তদের তালিকায় নিহত লক্ষ্মী বিজয় চাকমার পরিবারটি থাকা উচিত।’