কষ্টে আছেন রাজশাহী কলেজের দেড় শতাধিক কর্মচারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী কলেজের একটি ছাত্রাবাসের অফিস পিয়ন আবদুল ওয়াদুদ। দৈনিক মজুরি ভিত্তিতে আজ থেকে ৪০ বছর আগে তিনি এখানে যোগ দেন। তখন তিনি মাসে সব মিলিয়ে ১৭ টাকা পেতেন। এখন তাঁর বেতন বেড়ে হয়েছে দুই হাজার ৪৫০ টাকা। চাকরি স্থায়ী হওয়ার আশায় তিনি এত দিন কাজ করছেন। এই অল্প আয় দিয়ে ১০ সদস্যের পরিবার নিয়ে তিনি এখন মানবেতর জীবন যাপন করছেন। চাকরি স্থায়ী না হওয়ায় আবদুল ওয়াদুদের মতো রাজশাহী কলেজের দেড় শতাধিক কর্মচারী পরিবারের সদস্যদের নিয়ে কষ্টে দিন কাটাচ্ছেন।কলেজ সূত্রে জানা গেছে, ১৮৭৩ সালে কলেজটি প্রতিষ্ঠা করা হয়। কলেজ শাখায় দেড় শতাধিক কর্মচারী দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করছেন। কলেজ শাখায় এ রকম একজন কর্মচারী সর্বোচ্চ চার হাজার ৭০০ টাকা এবং সর্বনিম্ন দেড় হাজার টাকা বেতন পান। দেশের অন্যান্য সরকারি কলেজের দৈনিক মজুরিভিত্তিক অধিকাংশ কর্মচারীর চাকরি স্থায়ীকরণ করা হলেও রাজশাহী কলেজে এই কর্মচারীদের চাকরি স্থায়ী হয়নি।কলেজের পরিসংখ্যান বিভাগের পিয়ন আমজাদ হোসেন বলেন, তিনি ১৯৮৭ সালের কলেজের শারীরিক শিক্ষা বিভাগের পিয়ন হিসেবে যোগদান করেন। বর্তমানে তাঁর বেতন চার হাজার ৩০০ টাকা। এই অল্প টাকা দিয়ে তিনি সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। আমজাদ হোসেন আরও বলেন, তাঁর আট সদস্যের পরিবার। বৃদ্ধ মা-বাবাও তাঁর সঙ্গে থাকেন। সন্তান হিসেবে তাঁদের প্রতি ন্যূনতম দায়িত্বটুকুও পালন করতে পারছেন না তিনি।কলেজের পরীক্ষা শাখায় কর্মরত চাঁপাইনবাবগঞ্জের আবুল কালাম আজাদ (৫৫) বলেন, চাকরি স্থায়ীকরণের জন্য বিভিন্ন সময় কলেজের অধ্যক্ষরা চেষ্টা করেছেন। স্থায়ীকরণ হবে এই আশায় থাকতে থাকতে এখন বয়সই শেষ হয়ে যাচ্ছে। রাজশাহী কলেজে দুটি ছাত্রীনিবাসে ২২ জন আয়া রয়েছেন। তাঁরা সব মিলিয়ে দুই হাজার ১০০ টাকা থেকে দুই হাজার ৭০০ টাকা পর্যন্ত বেতন পান। তাঁরাও চাকরি স্থায়ীকরণের আশায় ছাত্রীনিবাসে পড়ে রয়েছেন।কলেজের অধ্যক্ষ আলী রেজা মুহম্মদ আবদুল মজিদ বলেন, ২০০৪ সালে সরকার দেশের সরকারি কলেজগুলোর দৈনিক মজুরিভিত্তিক ৭৫ শতাংশ কর্মচারীর চাকরি স্থায়ী করে। কিন্তু রাজশাহী কলেজের কর্মচারীদের চাকরি স্থায়ী হয়নি। তখন কর্মচারীদের মধ্যে জ্যেষ্ঠত্ব নির্বাচন নিয়ে দ্বন্দ্বের কারণে আদালতে মামলা হয়েছিল। এ কারণে কলেজের কর্মচারীদের চাকরি স্থায়ী হয়নি। তিনি আরও বলেন, সরকার আবার ঘোষণা দিলে তাঁদের চাকরি স্থায়ী হতে পারে। এ ব্যাপারে তাঁদের করার কিছুই নেই।