কষ্টে আছেন ১১০ নারী শ্রমিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পেটের দায়ে আমাগোরে মাটি কাটপের আসা। না খায়ে কি মাটি কাটা যায়? আমরা গরিব মানুষ। ছয় মাস বেতন পাইনে। ছেলেমিয়ে লিয়ে কী খাব, কন।’কথাগুলো বলছিলেন পাবনার চাটমোহর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের স্থানীয় অবকাঠামো রক্ষণাবেক্ষণ (আরইআরএমপি) প্রকল্পে কর্মরত নারী শ্রমিক জোমেলা বেগম। চাটমোহর উপজেলার ১১টি ইউনিয়নে তাঁর মতো ১১০ জন নারী শ্রমিক এ প্রকল্পে কর্মরত আছেন। ছয় মাস ধরে বেতন-ভাতা না পেয়ে তাঁরা মানবেতর জীবন যাপন করছেন। প্রায় প্রতিদিনই তাঁরা এলজিইডি কার্যালয়ে এসে ধরনা দিচ্ছেন বেতনের জন্য; কিন্তু বরাদ্দ না আসায় খালি হাতে বাড়ি ফিরতে হচ্ছে তাঁদের।এলজিইডির আরইআরএমপি প্রকল্পের কমিউনিটি অর্গানাইজার (সিও) নিজাম উদ্দিন জানান, ২০০৮ সালের জুলাই মাস থেকে এসব নারী শ্রমিক ইউনিয়ন পর্যায়ে মাটি কাটার কাজ করেন। উপজেলার প্রত্যেক নারী শ্রমিককে প্রতিদিনের হাজিরায় ৫৪ টাকা নগদ দিয়ে বাকি ৩৬ টাকা সঞ্চয় হিসেবে ব্যাংকে তাঁদের হিসাব নম্বরে জমা রাখা হয়। মাসের প্রথম সপ্তাহেই বেতন দেওয়া হয়। কিন্তু বরাদ্দ না পাওয়ায় গত জানুয়ারি মাস থেকে তাঁদের বেতন বন্ধ। বেতন বন্ধ থাকলেও তাঁরা প্রকল্পের মাটি কাটার কাজ করছেন।উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মনিরুল ইসলাম জানান, সরকার বরাদ্দ দিচ্ছে না। নারী শ্রমিকদের কষ্টের কথা প্রকল্পপ্রধানকে জানানো হয়েছে। আগামী মাসে বরাদ্দ এলে তাঁদের বেতন দেওয়া সম্ভব হবে।