কষ্টে আট শতাধিক পরিবার, বেকার ১০ হাজার শ্রমিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের ভারত সীমান্তবর্তী ৯ নম্বর নাড়াইছড়ি ওয়ার্ডে একসময় পরিবারের সংখ্যা ছিল সাড়ে তিন শ। কিন্তু আঞ্চলিক দুটি সংগঠনের আধিপত্য বিস্তার নিয়ে সংঘাতের কারণে ১০০ পরিবার অন্যত্র চলে গেছে।
গতকাল সোমবার বাবুছড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে বসে এসব কথা বলেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন জনপ্রতিনিধি। ওই জনপ্রতিনিধি বলেন, প্রায় সময় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। আতঙ্কের মধ্যে জীবন যাপন করছে নাড়াইছড়ির দুই ওয়ার্ডের ২০ গ্রামের আট শতাধিক আদিবাসী পরিবার। এদিকে তিন মাস ধরে বাবুছড়ার সঙ্গে নৌযান চলাচলও বন্ধ রয়েছে। নিরাপত্তার কারণে ১০ হাজার বাঁশ কাটার শ্রমিক এ বছর নাড়াইছড়ি যেতে পারেননি। এ কারণে তাঁরা বেকার হয়ে পড়েছেন।
বাবুছড়া এলাকায় গিয়ে কথা হয় জনপ্রতিনিধিসহ স্থানীয় লোকজনের সঙ্গে। সবারই প্রায় একই কথা। সেখানকার মানুষ খুব কষ্টে আছে। বাবুছড়া থেকে কোনো নিত্যপণ্য নাড়াইছড়ি না যাওয়ায় সেখানে খাদ্যসংকট দেখা দিয়েছে। এতে অর্ধাহারে-অনাহারে দিন কাটছে তাদের।
বাবুছড়া নতুনবাজার এলাকায় মাইনী নদীর ঘাটে গিয়ে দেখা যায়, ঘাটে কোনো নৌযান নেই। বাজারের কয়েকজন ব্যবসায়ী বলেন, নৌযান চলাচল বন্ধ। তাই ঘাটে নৌযানও নেই। নাড়াইছড়ির সঙ্গে তিন মাস ধরে যোগাযোগ বন্ধ।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন জনপ্রতিনিধি ও একজন কার্বারি বলেন, নাড়াইছড়ির ৮ নম্বর ওয়ার্ডের চন্দ্র মোহন কার্বারিপাড়া, শ্যামচরণ কার্বারিপাড়া, অশ্বিনী কার্বারিপাড়া, ধীরেন্দ্র মোহন কার্বারিপাড়া এবং ৯ নম্বর ওয়ার্ডের আড়াল্যা কার্বারিপাড়া, অকস্যা কার্বারিপাড়া, দেওয়ানপাড়া, ধারাস চন্দ্র কার্বারিপাড়া ও ঊষারাম কার্বারিপাড়ার অধিবাসীদের জীবনের কোনো নিরাপত্তা নেই। বাবুছড়া থেকে কোনো নিত্যপণ্য নাড়াইছড়ি না যাওয়ায় সেখানে খাদ্যসংকট দেখা দিয়েছে। গত ৩ মে নাড়াইছড়ি বাজার দুর্বৃত্তরা পুড়িয়ে দেওয়ার পর বাজারটিতে এখন আর সাপ্তাহিক হাটবার বসছে না। বাজারের বেশির ভাগ ব্যবসায়ী নাড়াইছড়ি ছেড়ে চলে গেছেন। বাজারের ৬০টি ব্যবসাপ্রতিষ্ঠানের মধ্যে মাত্র চার-পাঁচটি দোকান খোলা। সেখানে পর্যাপ্ত নিত্যপণ্য পাওয়া যায় না। নাড়াইছড়ি থেকে ২৬ কিলোমিটার পথ হেঁটে সপ্তাহে একবার বাবুছড়া এসে নিত্যপণ্য নেওয়া খুবই কষ্টকর।
বাবুছড়ার বাঁশ ব্যবসায়ী সমিতির আহ্বায়ক মো. ইসমাইল ও বাবুছড়া বাজার কমিটির সভাপতি মুজিবর রহমান বলেন, প্রতিবছর সেপ্টেম্বরে বাবুছড়া থেকে নাড়াইছড়িতে ১০ থেকে ১৫ হাজার বাঁশ কাটার শ্রমিক যান। কিন্তু এ বছর নিরাপত্তাহীনতার কারণে কোনো শ্রমিক নাড়াইছড়ি যাননি। পরিস্থিতি ভালো থাকলে বাবুছড়ায় প্রতি সপ্তাহে ৫০ থেকে ৬০ লাখ টাকার বাঁশ কেনাবেচা হয়। কিন্তু এ বছর বাঁশ কাটা সম্ভব হয়নি। ফলে শতাধিক বাঁশ ব্যবসায়ী ও ১০ হাজার শ্রমিক বেকার।
৫ নম্বর বাবুছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুগতপ্রিয় চাকমা বলেন, ‘নাড়াইছড়ি এলাকার ২০ গ্রামের আট শতাধিক মানুষের কষ্টের কথা বলে শেষ করা যাবে না। আমি জনপ্রতিনিধি হয়েও ওই এলাকার মানুষদের জন্য কিছুই করতে পারছি না। তিন মাস ধরে নৌযান চলাচল বন্ধ। নিরাপত্তার কারণে হেঁটেও সেখানে যেতে পারছি না। মুঠোফোনের নেটওয়ার্ক না থাকায় সেখানকার খোঁজখবর নেওয়াও সম্ভব হয় না।’
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন বলেন, নাড়াইছড়ি এলাকায় দুই আঞ্চলিক সংগঠনের আধিপত্য নিয়ে দ্বন্দ্ব কয়েক বছর আগে থেকে। তিনি বলেন, ‘নৌযান চলাচল বন্ধের বিষয়টি আমিও শুনেছি। তবে লোকজনের কাছে জানতে চাইলে সুনির্দিষ্টভাবে কেউ কিছু বলতে চায় না।’