কষ্টে কাটছে শ্রমিকদের দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারে ঘূর্ণিঝড় ‘মোরা’ আঘাত করে গত মঙ্গলবার সকালে। এরপর থেকেই বন্ধ শুঁটকিমহালের উৎপাদন। পাঁচ দিন ধরে মহাল বন্ধ থাকায় শ্রমিকদেরও কাজ নেই। আয়-রোজগার বন্ধ থাকায় কষ্টে কাটছে দিন।

ঘূর্ণিঝড় মোরার প্রভাবে উপকূলীয় গ্রাম নাজিরারটেক, সমিতিপাড়া, মোস্তাইক্যাপাড়া, বাসিন্যাপাড়া ও চরপাড়া এলাকায় কয়েক শ ঘরবাড়ি বিলীন হয়েছে। এসব এলাকায় শুঁটকিশ্রমিকদের বসবাস। তাঁরা সবাই শুঁটকি মাছ উৎপাদন, পরিবহন ও বিপণনের সঙ্গে যুক্ত।

গতকাল শনিবার বেলা ১১টায় মোস্তাইক্যাপাড়া ও নাজিরারটেক এলাকায় গিয়ে দেখা গেছে, বাসিন্দারা কোনো রকমে মাথা গোঁজার ঠাঁই করে নিয়েছেন। কারও চালায় পলিথিন, কারও চালায় লাগানো হয়েছে ভাঙা টিন। অনেকে ঘর মেরামতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। পাশের বাসিন্যাপাড়া ও চরপাড়ায়ও একই অবস্থা দেখা গেছে। ঘূর্ণিঝড়ের পর এই চার এলাকার ক্ষতিগ্রস্ত প্রায় ২০টি মহালে শুঁটকি উৎপাদন বন্ধ আছে।

চরপাড়ার বাসিন্দা শুঁটকিশ্রমিক সাবেকুন্নাহার (৪৫) বলেন, ঘূর্ণিঝড় সব কেড়ে নিলেও কেউ সহযোগিতার হাত বাড়াচ্ছে না। এখন অন্তত ভাঙা ঘর মেরামতে সাহায্য পেলে হতো।

এদিকে সমিতিরপাড়ার ভুলু আরা বেগমেরও (৫৫) একই অবস্থা। ঘূর্ণিঝড়ে ঘরটি ভেঙে গেছে, শুঁটকিমহালে কাজও বন্ধ। তাই কর্মহীন হয়ে অভাব-অনটনে দিন কাটাচ্ছেন। বিধবা ভুলু আরা বেগমের সংসারে আছে তিন মেয়ে ও দুই ছেলে। কিশোরী দুই মেয়েও মায়ের সঙ্গে শুঁটকিমহালে কাজ করে। ঘূর্ণিঝড়ের পর থেকে শুঁটকিমহালে কাজ বন্ধ থাকায় তাদের প্রায় সময়ই না খেয়ে কাটাতে হচ্ছে।

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুঁটকিমহালে কাজ করলে প্রতিদিন একজন পুরুষ পান ৪০০ এবং নারী পান ২৫০ টাকা। শিশু-কিশোরেরা পায় ১০০ থেকে ১৫০ টাকা।

কক্সবাজার জেলা মৎস্য ঐক্য সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, নাজিরারটেক, নুনিয়াছটা, সমিতিপাড়া ও কুতুবদিয়াপাড়া এলাকায় ৬০টির বেশি শুঁটকিমহাল ঘূর্ণিঝড়ের আগে পুরোদমে উৎপাদনে ছিল। এখন বন্ধ। এসব মহালের প্রায় পাঁচ হাজার শ্রমিক এখন বেকার দিন কাটাচ্ছেন।