কষ্টে তৈরি শহীদ মিনার সকালে তছনছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবাই মিলে গত বুধবার সারা দিন খেটেছে তারা। কলাগাছ আর রঙিন কাগজ দিয়ে তৈরি করেছে শহীদ মিনার। ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ফুল ও ফুলের ডালা সংগ্রহ করেছিল। একুশে ফেব্রুয়ারি দিনব্যাপী অনুষ্ঠানের পরিকল্পনা করেছিল। কিন্তু গতকাল বৃহস্পতিবার ভোরে গিয়ে তারা দেখতে পায়, এত কষ্টে তৈরি শহীদ মিনারটি কে বা কারা কুপিয়ে তছনছ করে রেখে গেছে। ময়মনসিংহের ফুলপুর উপজেলার পাথারিয়া গ্রামে একুশে ফেব্রুয়ারি অনুষ্ঠানের আয়োজন করেছিল বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্ররা। এলাকায় গিয়ে জানা যায়, কলাগাছ ও রঙিন কাগজ দিয়ে শহীদ মিনার তৈরি করে। অনুষ্ঠানের আয়োজক শামীম হোসেন, সুজন মিয়া, আনোয়ার হোসেনসহ অন্যারা বলে, ‘আমরা টাকা দিয়ে শহীদ মিনার তৈরি করেছি। বাজার থেকে মাইক এনেছি। ফুল ও ফুলের ঢালা তৈরি করেছি। ভোরে ফুল দিতে গিয়ে দেখি, কে বা কারা শহীদ মিনার কুপিয়ে তছনছ করে রেখেছে।’ তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেন্দ্র নাথ সরকার বলেন, এ ঘটনায় স্থানীয় আবদুর রাজ্জাক মোড়লের ছেলে মোমেন মিয়াকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে। থানায় মামলা হয়েছে।