কষ্টে দিন কাটছে তছিরন নেছার
বয়সের ভারে নুয়ে পড়েছেন তছিরন নেছা। চোখে ঝাপসা দেখেন। শরীরে তেমন শক্তি নেই। লাঠির ওপর ভর করে এবাড়ি-ওবাড়ি ভিক্ষা করেন৷ কিছু পেলে খেতে পারেন, না-হলে উপোস থাকতে হয়। সরকার হতদরিদ্র ব্যক্তিদের জন্য বয়স্ক ভাতা ও বিধবা ভাতা চালু করলেও তছিরন নেছার ভাগ্যে এখনো তা জোটেনি।
তছিরন নেছা বলেন, ‘বাবা মুই তো মোর কষ্টের কতা চেয়ারম্যান-মেম্বারগো কইছুন৷ আগে উফজেলা চেয়ারম্যানগোতো কইছুন, তায়ও মোর কাম করে দেয় নাই৷ সবায় বৃদ্ধ ভাতা, বয়স্ক ভাতা পাওছে, মোর কপালেতে জোটছে না৷ খায়া না-খায়া থাকলেও মোক কাওয়ো দেখতেও আইতেছে না৷’
তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের সরকারপাড়া গ্রামে থাকেন তছিরন নেছা। বয়স প্রায় ৭৭ বছর। ৪০ বছর আগে তাঁর স্বামী আমিনুল হক মারা গেছেন। দুই বছর আগে এক ছেলে তছলিম হোসেন সড়ক দুর্ঘটনায় নিহত হন। অপর এক ছেলে ও দুই মেয়ের কেউই তাঁর খোঁজ নেন না। এক মাস আগে পড়ে গিয়ে তাঁর ডান হাত ভেঙে গেছে। অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না তিনি। নিদারুণ কষ্টে দিন কাটছে তাঁর।
ইকরচালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোবারক হোসেন বলেন, বয়স্ক ভাতা ও বিধবা ভাতা বরাদ্দ কম। লোকসংখ্যা বেশি হওয়ায় অনেকেই ওই ভাতা পান না। তার পরও বরাদ্দ পেলে তছিরন নেছাকে ভাতা দেওয়ার ব্যবস্থা করা হবে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোকুনুজ্জামান বলেন, খোঁজ নিয়ে শিগগিরই তছিরন নেছাকে বয়স্ক ভাতা অথবা বিধবা ভাতার কার্ড দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।