কষ্টে দুই গাড়িচালকের পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৪ সালের ২৭ এপ্রিল। ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের লামাপাড়া এলাকায় অপহৃত হন কাউন্সিলর নজরুল, তাঁর তিন সহযোগী ও গাড়িচালক জাহাঙ্গীর আলম। অপহরণের ঘটনা দেখে ফেলায় আইনজীবী চন্দন সরকার ও তাঁর গাড়িচালক মো. ইব্রাহীমকেও অপহরণ করা হয়। পরে সবাইকে হত্যা করে লাশ শীতলক্ষ্যা নদীতে ডুবিয়ে দেওয়া হয়।

ঘটনার পর থেকে ইব্রাহীম ও জাহাঙ্গীরের পরিবার নিদারুণ অর্থকষ্টে দিন পার করছে। ইব্রাহীমের দুই স্ত্রী মাহমুদা ও হনুফা বেগম এবং জাহাঙ্গীরের স্ত্রী শামসুন্নাহার নূপুর প্রথম আলোকে বলেছেন তাঁদের অসহায় অবস্থার কথা। টাকার অভাবে আদালতেও যেতে পারেন না তাঁরা।

মাহমুদা ও হনুফা বেগম একসঙ্গে ইব্রাহীমের পৈতৃক ভিটা নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আলগীর চর এলাকায় থাকেন। দুজনের সংসারে পাঁচ ছেলেমেয়ে। মাহমুদা বলেন, ‘পরিবারে আমরা সাত সদস্য অনেক কষ্টে দিন পার করছি। যে রুজি করার, সে-ই নেই। বাবার বাড়ির মানুষও গরিব।’ তিনি আরও বলেন, ‘বাচ্চাদের লেখাপড়া, খাওয়াদাওয়ার টাকা দিতে পারি না। কারও কাছ থেকেই কোনো সহযোগিতা পাইনি। এক বেলা খেলে আরেক বেলা খেতে পারি না। রোগ হলে চিকিৎসা করাতে পারি না।’ মাহমুদার বড় ছেলে আগামী বছর এসএসসি পরীক্ষা দেবে। মাহমুদা বলেন, ফরম পূরণের টাকা কোথায় পাবেন, তারও কোনো নিশ্চয়তা নেই।

হনুফা বেগম বলেন, ‘আগে কাপড় সেলাই করতাম। এখন সেই কাজও কম। কোনোভাবে ডাল-ভাত খেয়ে বেঁচে আছি।’

জাহাঙ্গীর আলমের স্ত্রী শামসুন্নাহার বিয়ের ১০ মাসের মাথায় স্বামীকে হারান। তখন তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা। স্বামী মারা যাওয়ার দুই মাস পর জন্ম নেয় তাঁর মেয়ে রওজা। সেই রওজার বয়স এখন তিন বছর এক মাস। জন্মের পর থেকে বাবার আদর তার কপালে জুটতে দেয়নি হত্যাকারীরা। স্বামী হারানোর পর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী তাঁকে সিটি করপোরেশনে চাকরি দেন। ছোট বাচ্চার লালনপালন আর কাজ চালাতে গিয়ে এখন হিমশিম খেতে হচ্ছে শামসুন্নাহারকে।