কষ্টে ফলানো ফসল ডুবছে আধা পাকা অবস্থায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ থেকে ২০ দিন পর খেতের ধান গোলায় তুলতে পারতেন কৃষকেরা। কষ্টে ফলানো সেই ফসল তলিয়ে যাচ্ছে পানিতে। চেয়ে চেয়ে দেখতে হচ্ছে কৃষকদের। কেউ কেউ চেষ্টা করছেন আধা পাকা ধান পানির নিচ থেকে কেটে তুলে যদি কিছু পাওয়া যায়। এই অবস্থা দেশের উত্তর-পূর্বাঞ্চলের শত শত হাওরজুড়ে।

ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গতকাল মঙ্গলবার পর্যন্ত সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, নেত্রকোনা ও হবিগঞ্জে প্রায় ৩ লাখ হেক্টর ফসলি জমি পানিতে ডুবে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ জেলা। সেখানে প্রায় ৯০ ভাগ কৃষিজমি তলিয়ে গেছে। ক্ষতির পরিমাণ শত শত কোটি টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্ট জেলাগুলোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা।

সংশ্লিষ্ট জেলাগুলো থেকে প্রতিনিধিদের পাঠানো খবর:

সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ জাহেদুল হক বলেছেন, জেলায় এই বছর ২ লাখ ২৩ হাজার ৮৫০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছিল। গতকাল বিকেল পর্যন্ত পাওয়া তথ্যমতে, ছোট-বড় শতাধিক হাওরের ১ লাখ ৯৭ হাজার ৮১৩ একর জমির ধান সম্পূর্ণ তলিয়ে ৯২৬ কোটি টাকার ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ আরও বাড়বে।

তবে স্থানীয় কৃষকেরা বলছেন, সুনামগঞ্জের ৯০ ভাগ ফসল তলিয়ে গেছে। আরও ১৫ থেকে ২০ দিন পর কৃষকেরা এই ফসল গোলায় তুলতে পারতেন। কিন্তু তার আগেই একের পর এক হাওরের ধান তলিয়ে গেছে ঢলের পানিতে।

তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল জানান, উপজেলার ২২টি হাওরের মধ্যে কেবল শনির হাওর ছাড়া সবগুলোর ফসল তলিয়ে গেছে। সর্বশেষ গত সোমবার রাতে মাটিয়ান হাওরের বাঁধ ভেঙে ফসল তলিয়ে যায়। তিনি বলেন, দুই দিন ধরে এই হাওরের ফসল রক্ষায় স্থানীয় কয়েক হাজার কৃষককে নিয়ে প্রাণপণ চেষ্টা করেছেন। কিন্তু শেষ রক্ষা হয়নি।

কিশোরগঞ্জে বিভিন্ন এলাকায় বাঁধ ভেঙে কৃষিজমিতে এখনো পানি ঢুকছে। জেলা কৃষি অফিসের উপপরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, গতকাল পর্যন্ত ১৮ হাজার ৬১৮ হেক্টর জমির বোরো ধান তলিয়ে গেছে। এখনো পানি বাড়ছে। কী পরিমাণ জমি পানিতে তলিয়ে গেছে, তা জানিয়ে উপজেলা কৃষি কর্মকর্তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তিনি বলেন, এখন পর্যন্ত ২০ কোটি টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

নেত্রকোনার খালিয়াজুরি উপজেলার ‘কীর্তনখোলা’ বাঁধ ভেঙে গেছে। টানা অতিবৃষ্টি ও ধনু নদ দিয়ে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের চাপে সোমবার রাত নয়টার দিকে এই বাঁধটি ভেঙে যায়। এতে গতকাল সকালে কীর্তনখোলা, পাঙাসিয়া ও রোয়াইল হাওর তলিয়ে গেছে।

জেলা কৃষি অফিসের উপপরিচালক বিলাশ চন্দ্র পাল বলেছেন, গতকাল বিকেল পর্যন্ত ১৮ হাজার ১২০ হেক্টর বোরো জমির ধান পানির নিচে ছিল। ধান নষ্ট হয়েছে অন্তত ১ লাখ ৩ হাজার ২৮৪ মেট্রিক টন।

মৌলভীবাজারের বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চলের জমির বোরো ফসল পানিতে তলিয়ে গেছে। জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উপপরিচালক মো. শাহজাহান গতকাল জানান, জেলার ৫৩ হাজার কৃষিজমির মধ্যে ১০ হাজারের বেশি জমি পানিতে তলিয়ে গেছে।

সোমবার রাতে হবিগঞ্জের খোয়াই নদের লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের বড়গাঁও ও হেলাকান্দি গ্রামের মাঝামাঝি প্রতিরক্ষা বাঁধ ভেঙে নদীর পানি প্রবেশ করে ১২টি হাওরের প্রায় ১ হাজার ৪০০ একর জমির ধান ডুবে গেছে। জেলা কৃষি অফিসের কর্মকর্তা ফজলুর রহমান বলেছেন, এখন পর্যন্ত আড়াই হাজারের বেশি কৃষিজমির ধান পানিতে তলিয়ে গেছে।

গত এক সপ্তাহে টানা বৃষ্টি ও নদনদীতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেট ও সুনামগঞ্জের হাওরের ফসল রক্ষা বাঁধ ভেঙে বোরো ফসল তলিয়ে গেছে।