কষ্টে ভরা জীবনে সাফল্যের ঝিলিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধোপদুরস্ত হয়ে স্কুলে যাওয়া, না চাইতেই কাঙ্ক্ষিত বস্তুটি পাওয়ার সৌভাগ্য হয়নি তাদের। দু-চারজন গৃহশিক্ষকের কাছে পড়ার সামর্থ্য তাদের ছিল না। উল্টো কাজ করে, দিনমজুরি খেটে পড়ার খরচ জোগাতে হয়েছে। সঙ্গে সংসারের দেখভালও করতে হয়েছে। তবু তারা পিছিয়ে পড়েনি। নিরলস অধ্যবসায় আর কঠোর পরিশ্রমবলে ছিনিয়ে এনেছে সাফল্য। এসএসসিতে পেয়েছে জিপিএ-৫। এসব কৃতী শিক্ষার্থীর কষ্টেভরা জীবনে এ যেন একটু সাফল্যের ঝিলিক।স্কুলেই থাকত মনিরুল: গৃহপরিচারিকা মা সারা দিন কাজ করে কোনো টাকা-পয়সা নয়, শুধু নিজের খাবারটুকু পেতেন। সেই একজনের খাবার মা-ছেলে মিলে খেত। এক বেলা খাওয়ার জন্য বহু দিন মানুষের ফরমায়েশ খাটতে হয়েছে। প্রথম শ্রেণী থেকে ভালো ফল করে দ্বিতীয় শ্রেণীতে ওঠার সময় উপবৃত্তির টাকা পায়নি বলে অভিমান করে এক বছর বিদ্যালয়ে যায়নি মনিরুল ইসলাম। সে সময় মা তাকে রাখালের কাজে লাগিয়েছিলেন।পড়ালেখার টানে আবারও সে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়। প্রাথমিক বৃত্তি পাওয়ার পর তার আত্মবিশ্বাস দৃঢ় হয়। ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় গৃহশিক্ষকের কাজ নেয় সে।চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক এরফান আলী বিশ্বাস জানান, বিদ্যালয়ের বারান্দায় পড়া ও শুয়ে থাকতে দেখে আমাদের মায়া হতো। জুনিয়র বৃত্তি পরীক্ষার আগে তাকে একটি কক্ষে থাকতে দেওয়া হয়। এসএসসি পরীক্ষার (বিজ্ঞান বিভাগ) সময় সহপাঠীদের বাড়িতে থেকে তাকে পরীক্ষা দিতে হয়েছে।বড় হয়ে কী হতে চাও এমন প্রশ্নের জবাবে মনিরুল বলে, ‘কী হতে পারব জানি না। তবে আমার দুখী মায়ের মুখে হাসি ফোটানোই আমার জীবনের অন্যতম লক্ষ্য।’পড়া নিয়ে দুশ্চিন্তায় রাসেল: মো. রাসেল খানের বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলার পাংখারচর (উত্তর) গ্রামে। তার জন্মের কয়েক মাস পর বাবা মো. আওলাদ খান মারা যান। ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় মারা যান মা খাদিজা বেগম। চার ভাইয়ের মধ্যে সবার ছোট রাসেল। নিজেদের কোনো জমিজমা নেই। তিন ভাইয়ের পৃথক সংসার। সেজো ভাই মানিক খানের সংসারে থাকে রাসেল। নিজের খাবার জোগাড় করতে রাসেল নিজেও শ্রমিকের কাজ করে। এ বছর শতদল মাধ্যমিক বিদ্যালয় থেকে পরীক্ষা (ব্যবসায় শিক্ষা) দিয়েছিল সে।রাসেল বলে, ‘জীবন যে কত কষ্টের তা আমি বুঝছি। গ্রাম থেকে উপজেলা সদরের দূরত্ব ১৮-২০ কিলোমিটার। ধারে কাছে কোনো কলেজ নেই। লেখাপড়া নিয়ে এখন খুব দুশ্চিন্তায় আছি।’শতদল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন বলেন, ‘শ্রমজীবী হয়ে ভাইয়ের অভাবের সংসারে থেকে এত ভালো ফল করবে রাসেল আমরা ভাবিনি।’দিনমজুরি করত মান্না: বাবা-মা দুজনই দিনমজুরি করতে সেই সাতসকালে ঘর ছেড়ে বেরুতেন। বেশির ভাগ দিন না খেয়েই স্কুলে যেতে হয়েছে রেজু মান্নাকে। দিনে উনুন জ্বলত না। তাই দুপুরে খাওয়ার প্রশ্নই ওঠে না। স্কুলে টিফিনের সময় নলকূপের পানি খেয়ে কাটিয়ে দিত দুপুরটা। অভাবের কারণে মান্না নিজেও দিনমজুরি খাটত। এভাবে পড়াশোনা করে সে এবার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার উজ্জলকোঠা উচ্চবিদ্যালয় থেকে পরীক্ষা (বিজ্ঞান বিভাগ) দেয়।মান্নাদের বাড়ি উপজেলার অতরগাঁও গ্রামে। বাড়ি বলতে জীর্ণ কুটির। পঞ্চম শ্রেণীতে ট্যালেন্টপুলে ও অষ্টম শ্রেণীতে সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছিল মান্না। বৃত্তির টাকায় বই কিনত সে। পাশাপাশি বাবার চিকিৎসার খরচও চালাত।চিকিৎসক হয়ে গ্রামের মানুষের সেবা করার স্বপ্ন দেখে মান্না। উজ্জলকোঠা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুর রশিদ বলেন, ‘এত অভাবের মধ্যে পড়াশোনার প্রতি মান্নার আগ্রহ দেখে আমরা সবাই খুশি। তার ভবিষ্যৎ নিয়ে আমরা আশাবাদী।’বাবা-মায়ের কষ্ট সার্থক করেছে লাকী: নওগাঁর রানীনগর উপজেলার ভবানীপুর গ্রামের করাতকলের শ্রমিক বেদারুল ইসলাম। সারা দিন খেটেখুটে যা পান তা দিয়ে স্ত্রী ও চার সন্তানের সংসার চলে না। ভাইবোনদের মাঝে লাকী বানু তৃতীয়। অভাবের সংসারে মেধাবী এই মেয়েটিকে বেদারুল ঠিকমতো খাতা-কলম কিনে দিতে পারেননি। তবু এবার সে উপজেলার ঘোষগ্রাম কফিলিয়া উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগের সব কটি বিষয়ে জিপিএ-৫ পেয়েছে।বাবা বেদারুল ও মা দেলোয়ারা বিবি বলেন, ‘মেয়েটা খুব কষ্ট করে রাত জেগে জেগে পড়ালেখা করেছে।’ লাকী বলে, ‘খেয়ে না খেয়ে লেখাপড়া করেছি। আমার এই ভালো ফলাফলের পেছনে মার ভূমিকা সবচাইতে বেশি।’ শুকান্তদের এক ঘরেই সব: মাটির দেয়ালের ওপর ছনের ছাউনির ছোট্ট কুঁড়ে। ঘরের একপাশে গরু থাকে, অন্য পাশে চলে রান্নাবাটি। মাঝে ঘুমানো আর পড়ার জায়গা। রয়েছে সাপখোপের ভয়। ঘরে সস্তা কোনো আসবাবও নেই। বই-খাতাগুলো মেঝেতে স্তূপ করে রাখা। এমন দুরবস্থার মধ্যে পড়ালেখা করে এবার মাগুরার শালিখার সিংড়া তিলখড়ি মাধ্যমিক বিদ্যালয় থেকে অসাধারণ ফল (বিজ্ঞান বিভাগ) করেছে শুকান্ত বিশ্বাস। তাদের বাড়ি উপজেলার ধনেশ্বরগাতি গ্রামে। বাবা অমর বিশ্বাস প্রান্তিক চাষি। মা আশালতা বিশ্বাস সংসার সামলান। গাভি পালেন। অমর বিশ্বাস হতাশার সুরে বলেন, ‘আমাদের এক ঘরের মধ্যেই সবকিছু। ও যে কত কষ্ট করে পড়েছে তা বলে বোঝানো যাবে না। পরীক্ষায় ভালোও করল। স্কুলের শিক্ষক ও প্রতিবেশীরা সবাই বলছে ওকে যে করেই হোক পড়াতে। কিন্তু শেষ পর্যন্ত আমার সামর্থ্যে কুলাবে কি না সেটাই ভাবছি।’ সিংড়া তিলখড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেন্দ্রনাথ বিশ্বাস বলেন, ‘শুকান্তরা খুবই গরিব। পড়ালেখার খরচ, এমনকি ওর জামাকাপড় পর্যন্ত আমরা দিয়েছি।’চায়ের দোকানেও খেটেছে শরিফ: ‘বই কেনার টাকা ছিল না। প্রাইভেট পড়তে পারিনি। কোনো কোনো দিন সকালে না খেয়ে স্কুলে যেতে হয়েছে। টিফিনের সময়ে বাড়ি ফিরে বাবার চায়ের দোকানে গিয়ে দোকানদারি করতে হতো। বাবা খেয়ে দোকানে গেলে বাড়িতে গিয়ে দুপুরের খাওয়া সেরে আবার স্কুলে যেতাম। বিকেলে স্কুল থেকে ফিরে টিউশনি করে নিজের খরচ বের করতে হয়েছে। সাতজনকে পড়িয়ে ক্লান্ত হয়ে যেতাম।’ বলছিল যশোরের শার্শা উপজেলার নিজামপুর গ্রামের শরিফ হোসেন। এত কষ্ট করেও সে এবার নিজামপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে (ব্যবসায় শিক্ষা) ভালো ফল করেছে।বাবা বাবলু মিয়া বলেন, ‘পাঁচ চাবাল-মাইয়ের (ছেলেমেয়ে) লেহাপড়া করাত যাইয়ে খাইয়ে না খাইয়ে থাকতি অয়। শরিপির মাথাডা ভাল ছিল। পড়াতিও ইচ্ছে করে। ও ভালো কলেজে পড়তি চায়। কিন্তু আমার তো টানাটানির সংসার। আমি কী করে পড়াব? আমি ওরে কইছি, আমি কিছু দেব, তুমিও কিছু ব্যবস্থা করো।’[প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন আনোয়ার হোসেন, চাঁপাইনবাবগঞ্জ; মারুফ সামদানী, লোহাগড়া (নড়াইল); কাজী নুরুল ইসলাম, পীরগঞ্জ (ঠাকুরগাঁও); ফরিদুল আলম, আত্রাই (নওগাঁ); কবির হোসেন, মাগুরা ও মনিরুল ইসলাম, যশোর]