কষ্টের বিনিময়ে ঈর্ষণীয় সাফল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওরা সবাই মেধাবী। এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। ওদের এই সাফল্যের পেছনে আছে কিছু কষ্ট, দুঃখ ও ত্যাগের ঘটনা। এসব ঘটনা ধনী ও মধ্যবিত্ত শ্রেণীর মা-বাবার জিপিএ-৫ পাওয়া সন্তানদের চেয়ে সম্পূর্ণ আলাদা। এদের মধ্যে দুজন দিনমজুরি করে লেখাপড়া করেছে। একজন তিন বেলা নিয়মিত খাবার পায়নি। আর একজন বই ধার করে অনেক কষ্টে লেখাপড়া করেছে। এরকম হাজারো কষ্টের বিনিময়ে ঈর্ষণীয় সাফল্য পেয়েছে ওরা।দিনমজুরি করে লেখাপড়া: ‘পত্তি হপ্তাহেই (সপ্তাহ) এক দিন দুই দিন কইরা পরের বাড়ি কামলা ব্যাচে আমার গ্যাদা শাহাদত। ছুটির দিন হলিও কামে যায়। এই কামের পয়সা দিয়া কেলাস সেবেন (৭ম শ্রেণী) থনেই ন্যাহাপড়া কইরতাছে সে। আইজ ভালো রেজাল (রেজাল্ট) কইরা আমাগো হুগুলিক (সবাইকে) সে খুশি কইরছে।’ ছেলে শাহাদাত হোসেন জিপিএ-৫ পাওয়ায় এভাবেই আনন্দের অনুভূতি প্রকাশ করেন মা শাহীনুর বেগম। তাঁদের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কয়ড়া চরপাড়া গ্রামে। বাবা আবদুস সালাম দিনমজুর। শাহাদাত দাদপুর উচ্চবিদ্যালয় থেকে মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছে। ফলাফল প্রকাশের দিনও শাহাদাত অন্যের জমিতে ধান কাটছিল। শাহাদাত বলে, ভালো ফল করলেও কলেজে লেখাপড়া করতে পারবে কি না, তা নিয়ে সে চিন্তিত।ভালো ফল করেও শঙ্কা: আরমান খানের বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলার রাধানগর পাঠানপাড়া গ্রামে। বাবার নাম মোখছেদুল হক। টাকার অভাবে তিন বেলা নিয়মিত খাবার জোটেনি। পড়া হয়নি গৃহশিক্ষকের কাছে। এত সমস্যার মাঝেও নিরলস পরিশ্রম করে সে এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। সে পাঠানপাড়া উচ্চবিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেয়। পঞ্চম ও অষ্টম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে আরমান। এত ভালো ফল করার পরও ছেলেকে নিয়ে দুশ্চিন্তায় আছেন মোখছেদুল হক। টাকার অভাবে আরমানের লেখাপড়া বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা করছেন তিনি। প্রধান শিক্ষক হাসান আলী বলেন, ‘সহযোগিতা না পেলে আরমানের লেখাপড়া বন্ধ হয়ে যাবে।’নিজের আয়ে বই কিনে লেখাপড়া: যেদিন স্কুল বন্ধ থাকত, সেদিন মাহবুব আলম বাবার সঙ্গে দিনমজুরি করত। এ কাজ করে আয় হওয়া বাড়তি টাকায় বই, খাতা ও কলম কিনত সে। যেদিন তার বাবা কাজ পেতেন না, সেদিন ভাইবোন ও মায়ের সঙ্গে সে-ও উপোস থাকত। এভাবে খেয়ে না-খেয়ে ও পরিশ্রম করে এবারের এসএসসি পরীক্ষায় বিশ্বেশ্বরী উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে মাহবুব। সে বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল। তাদের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তপুর গ্রামে। বাবার নাম মো. আলী হোসেন। মা ফাতেমা আক্তার বলেন, ‘আমার পুতটা (পুত্র) প্রায়ই না খাইয়া ইস্কুলে গ্যাছে।’ মাহবুব আলম জানায়, তার স্কুলের শহীদ, আলী আকবর ও তাহের স্যার তাকে পড়াশোনার ক্ষেত্রে সহযোগিতা করেছেন।বই ধার করে লেখাপড়া: বই কিনে পড়ার মতো টাকা ছিল না। তাই সহপাঠীদের কাছ থেকে বই ধার করে লেখাপড়া চালাতে হয়েছে। অনেক দিন বিদ্যালয়ে যেতে হয়েছে খালি মুখে। মা চাম্পা বেগম অন্যের বাড়িতে গৃহপরিচারিকা আর বাবা আ. জলিল দিনমজুরির কাজ করেন। এরকম নানা অসুবিধার মধ্য লেখাপড়া করেও এবারের এসএসসি পরীক্ষায় বয়ড়া ইস্রাঈল আহম্মেদ উচ্চবিদ্যালয়ের থেকে জিপিএ-৫ পেয়েছে মো. জহুরুল ইসলাম। সে মানবিক বিভাগের ছাত্র ছিল। এই সাফল্যে তার বাবা-মা ভীষণ খুশি। তবে তাঁরা আশঙ্কা করছেন, টাকার অভাবে ছেলের লেখাপড়া বন্ধ হয়ে যাবে।কল্যাণ ভৌমিক, উল্লাপাড়া (সিরাজগঞ্জ); আলতাফ হোসেন, বদরগঞ্জ (রংপুর); সোহরাব পাশা, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) ও শফিকুল ইসলাম, সরিষাবাড়ী (জামালপুর)