কষ্টের মাঝে সাফল্যের ঝিলিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভাব-অনটন ছিল নিত্যসঙ্গী। মা-বাবা লেখাপড়ার খরচ দিতে পারেননি। গৃহশিক্ষকের কাছে পড়ার সুযোগও হয়নি। বিলে মাছ ধরে, পান-সিগারেট বিক্রি ও ছাত্র পড়িয়ে অর্থ উপার্জন করে সংসার চালাতে হয়েছে ওদের। এত সমস্যার মধ্যেও কাজের ফাঁকে ওরা লেখাপড়া চালিয়ে গেছে। এভাবে সব বাধা পেরিয়ে সাফল্যের প্রথম সোপানে পৌঁছে গেছে। ওরা এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে।বিধবা মায়ের মুখে হাসি ফোটাল শাকিলা: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার শিবপুর গ্রামের মৃত ইছাহাক আলীর মেয়ে শাকিলা। মাত্র দুই বছর বয়সে তার বাবা মারা যান। তখন তাদের পরিবারকে সহায়তা করার জন্য কেউ এগিয়ে আসেনি, তার বিধবা মা মানুষের বাড়িতে কাজ করে যা পেতেন, তা দিয়ে সংসার চলত। এ রকম অবস্থায় লেখাপড়া করার সুযোগ ছিল না শাকিলার। শত অভাবেও লেখাপড়ার প্রতি ছিল তার প্রবল আগ্রহ। তাই তো কখনো গৃহপরিচারিকার কাজ করে, আবার কখনো প্রাইভেট পড়িয়ে লেখাপড়া চালিয়ে যায় সে। এবার আকলাশ শিবপুর শ্যামপুর উচ্চবিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিয়ে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। বিধবা মায়ের মলিন মুখে হাসি ফুটিয়েছে সে। তার মা শেফালী বেওয়া বলেন, ‘নিজের পড়াশোনার খরচ চালাতে টিউশনি করে খুবই কষ্ট করেছে শাকিলা। মেয়ে আমার ভালো ফল করেছে শুনে বুকটা আনন্দে ভরে যাচ্ছে। তবে মেয়েটা কীভাবে পড়াশোনা চালিয়ে যাবে, সে কথা ভেবে খারাপ লাগছে।’ শাকিলা বলে, ‘শিবপুর গ্রামের বাসিন্দা মোজাফফর স্যার আমাকে ফ্রি পড়িয়েছেন। বিদ্যালয়ের শিক্ষকেরা পরীক্ষার ফি মওকুফ করেছেন। আমি তাঁদের কাছে চিরকৃতজ্ঞ।’টিউশনি করে লেখাপড়া: বাবা নজির আহমদ কাঠমিস্ত্রি। মা মেহের খাতুন একজন গৃহিণী। সাত ভাই ও তিন বোনের মধ্যে সে সবার ছোট। নিজেদের কোনো জমি নেই। ভাইয়েরা তাদের পরিবারের সদস্যদের নিয়ে দেশের বিভিন্ন স্থানে চলে গেছেন। বয়স হওয়ায় তার বাবাও আগের মতো কাজ করতে পারেন না। সংসারে অভাব নিত্যসঙ্গী। এ অবস্থায় ষষ্ঠ শ্রেণী থেকেই প্রাইভেট পড়ানো শুরু করে সে। এবার দাখিল পরীক্ষায় সাধারণ বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। এই হার না-মানা ছাত্রীটির নাম ইয়াসমিন আকতার। তাদের বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলার পূর্ব মহেষখালীয়াপাড়া গ্রামে। সে একই উপজেলার খারাংখালী দারুত তাওহীদ ইসলামীয়া বালিকা দাখিল মাদ্রাসা থেকে পরীক্ষায় অংশ নেয়। মা মেহের খাতুন বলেন, ‘প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে নিজের পড়া শেষ করে ইয়াসমিন মাদ্রাসায় যেত। মাদ্রাসা শেষে বিকেলে বাড়ি ফেরার পর সন্ধ্যা সাতটা পর্যন্ত এলাকার ছেলেমেয়েদের পড়াত। কষ্ট করে সফল হওয়ার উদাহরণ আমার মেয়ে ইয়াসমিন।’অবাক করা ফলাফল শাহাদাতের: বাবা মো. শাহজাহান হাওলাদারের সঙ্গে নিয়মিত পান-সিগারেট বিক্রির দোকানে বসতে হতো। ঘরে শারীরিক প্রতিবন্ধী মাসহ আরও দুই ভাই আছেন। দোকান থেকে প্রতিদিন আয় হওয়া ১৫০ থেকে ২০০ টাকা দিয়ে সংসার চলে না। তাই মাঝেমধ্যে প্রাইভেট পড়াত সে। দোকানে সময় দেওয়া ও প্রাইভেট পড়াতে যাওয়ার কারণে নিয়মিত বিদ্যালয়েও যাওয়া হয়নি। তার পরও শুধু অধ্যবসায়ের কারণে এসএসসি পরীক্ষায় ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে সবাই চমকে দিয়েছে মো. শাহাদাত হোসেন। সে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার পঞ্চগ্রাম আজিজুর রহমান উচ্চবিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেয়। তাদের বাড়ি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ঘুঘুশাল গ্রামে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর চন্দ্র মজুমদার বলেন, ‘প্রতিকূল অবস্থায় থেকেও শাহাদাত যে এত ভালো ফলাফল করবে, তা আমরা ধারণা করিনি। বিদ্যালয় কর্তৃপক্ষ তার কাছে টাকা-পয়সা নেয়নি।’কাজের ফাঁকে লেখাপড়া: ‘আমার চাইর নাম্বার পোলা ওসমান। ছোডো থাকতেই হে লেহাপড়ার জন্য কানত। দিনে বাপের সঙ্গে জমিতে কাম করে ও রাতের বেলায় গ্রামের রৌহা বিলে মাছ ধাইর্যা সংসার চালাইত। এর ফাঁকে ফাঁকে লেহাপড়া কইরা ভালা ফল কইরাছে।’ ছেলে ওসমান গনি এসএসসি পরীক্ষায় ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ-৫ পাওয়ায় কয়েকদিন আগে মা জ্যোৎস্না বেগম এভাবেই তাঁর অনুভূতি প্রকাশ করেন। ওসমানের বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার দরবারপুর গ্রামে। সে পাকুন্দিয়া উপজেলার কালিয়াচাপড়া চিনিকল উচ্চবিদ্যালয়ের ছাত্র ছিল; বাবার নাম মালি হোসেন। ওসমান বলে, ‘সংসার চালাতে আমি আমার বাবাকে বাইরে নানা ধরনের কাজ করে সাহায্য করেছি। অভাবের কারণে বিজ্ঞান বিভাগে পড়তে পারিনি। বিদ্যালয়ের শিক্ষক খুরশীদ আলম ও মো. বোরহানউদ্দিন আমাকে বিনা পয়সায় পড়িয়েছেন।’[আজিজার রহমান, ক্ষেতলাল (জয়পুরহাট), গিয়াস উদ্দিন, টেকনাফ (কক্সবাজার), মো. আবুল কালাম, শাহরাস্তি (চাঁদপুর) ও সাইফুল হক মোল্লা, কিশোরগঞ্জ]