কসবা ও নবীনগরের অনেক এলাকা বিদ্যুৎহীন তিন দিন
ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও নবীনগর উপজেলার বিভিন্ন এলাকায় তিন দিন ধরে বিদ্যুৎ নেই। তবে পল্লী বিদ্যুৎ সমিতি বলছে, নতুন করে প্রাকৃতিক দুর্যোগ দেখা না দিলে দুই-এক দিনের মধ্যে বিদ্যুৎ পেতে পারেন ওই এলাকার বাসিন্দারা।
পল্লী বিদ্যুৎ সমিতি, স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, গত সোমবার কসবা ও নবীনগরের ওপর দিয়ে কালবৈশাখী বয়ে যায়। এতে ৫৫টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে ছয় কিলোমিটার বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে নবীনগরের শিবপুর, বিটঘর, কাইতলা উত্তর, কাইতলা দক্ষিণ ইউনিয়ন ও কসবার মূলগ্রাম, বাদৈর ও মেহারী ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়। এ ছাড়া গত মঙ্গলবার গভীর রাতে কালবৈশাখীতে ৩৩ কেভি বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়। এতে কসবা পৌরসভাসহ পুরো উপজেলা বিদ্যুৎহীন হয়ে পড়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির কসবা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. মুকবুল হোসেন বলেন, নতুন করে কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে আশা করি ওই সব এলাকায় আগামীকাল শুক্রবারের মধ্যে বিদ্যুৎ-সংযোগ দেওয়া সম্ভব হবে।
১১ ঘণ্টা বিদ্যুৎহীন: মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি জানান, গত মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে মতলব দক্ষিণ উপজেলায় স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতির আওতাভুক্ত ১০২টি গ্রামে বিদ্যুৎ চলে যায়। টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার পর গতকাল বুধবার দুপুর ১২টার দিকে বিদ্যুৎ-সংযোগ চালু হয়। এতে ওই সব গ্রামের ২২ হাজার গ্রাহককে গরমের মধ্যে চরম ভোগান্তির শিকার হতে হয়।
চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির মতলব দক্ষিণ আঞ্চলিক কার্যালয়ের সহকারী উপমহাব্যবস্থাপক (এজিএম) মো. শহিদউল্লাহ বলেন, চাঁদপুরের ৩৩ কেভির (কিলোভোল্ট) লাইনের কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে কিছু অংশ মেরামতের পর ওই সব এলাকায় বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়। বাকি ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের চেষ্টা চলছে।
মৌলভীবাজার শহরে বিদ্যুৎ নেই ১৯ ঘণ্টা: মৌলভীবাজার প্রতিনিধি জানান, কালবৈশাখীতে মৌলভীবাজার-শ্রীমঙ্গল ৩৩ কেভি বিদ্যুৎ লাইন লন্ডভন্ড হয়ে গেছে। বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। গাছ ভেঙে পড়েছে বিদ্যুৎ লাইনের ওপর। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত প্রায় ১৯ ঘণ্টা ধরে মৌলভীবাজার শহর বিদ্যুৎহীন ছিল। গত মঙ্গলবার রাত ১২টার দিকে ঝড় শুরু হলে বিদ্যুৎ চলে যায়।