কসবা ও নাসিরনগরে দুই ব্যক্তির লাশ উদ্ধার
পৃথক ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও নাসিরনগর উপজেলা থেকে গতকাল শুক্রবার দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। কসবা ও নাসিরনগর থানায় পৃথক দুটি হত্যা মামলা হয়েছে। নাসিরনগর থানার পুলিশ ও গ্রামবাসী জানায়, উপজেলার ফান্দাউক ইউনিয়নের দক্ষিণসিংহ গ্রামের বৃদ্ধ হরেন্দ্র বিশ্বাস গত বৃহস্পতিবার রাতে পার্শ্ববর্তী একটি নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পরও তাঁকে পাওয়া যায়নি। পরে গতকাল ভোরে নদীর পাড়ে লাশ পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন পুলিশকে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের ভাই সুভাষ বিশ্বাস নাসিরনগর থানায় একটি হত্যা মামলা করেছেন। নিহতের ছোট ভাই বলরাম বিশ্বাস জানান, জমির ধানগাছ কাটা নিয়ে গত বৃহস্পতিবার সকালে গ্রামের ওয়াকিল মণ্ডলের দুই ছেলে সুশীল মণ্ডল ও সুধীর মণ্ডলের সঙ্গে হরেন্দ্র বিশ্বাসের কথা-কাটাকাটি হয়। ওই ঘটনার জের ধরে তারা হরেন্দ্র বিশ্বাসকে হত্যা করতে পারে।নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ফারুক জানান, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। অন্যদিকে কসবা থানার পুলিশ জানায়, উপজেলার মেহারী মাদ্রাসা বোর্ডিংয়ের পাশের একটি পুকুরে অজ্ঞাতনামা ব্যক্তির (৩০) লাশ ভাসতে দেখে গতকাল সকালে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. শাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।