কসবা ও মতলবে যৌতুক না দেওয়ায় দুই গৃহবধূকে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকার শাহপুর গ্রামে ইয়াকুব আলী (৩৫) যৌতুকের জন্য শনিবার গভীর রাতে ছেলেমেয়ের সামনেই তাঁর স্ত্রী শাহীনূর আক্তারকে (২৫) পানিতে চুবিয়ে হত্যা করেছেন। এ ছাড়া একই দিন সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মৈশাদী গ্রামে যৌতুকের দাবি মেটাতে না পারায় স্বামীর হাতে নির্মমভাবে খুন হন গৃহবধূ লিপি আক্তার (২০)। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:কসবা উপজেলার কুটি ইউনিয়নের বিলঘর গ্রামের অবসরপ্রাপ্ত হাবিলদার মুক্তিযোদ্ধা হারুন মিয়ার মেয়ে শাহীনূর আক্তারের সঙ্গে গত আট বছর আগে কসবা পৌর এলাকার শাহপুর গ্রামের মর্তুজ আলীর ছেলে ইয়াকুব আলীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই ইয়াকুব আলী শ্বশুরবাড়ি থেকে যৌতুকের জন্য চাপ দেন। ইয়াকুব রংমিস্ত্রির কাজ করেন। কয়েক মাস পরপর বাড়িতে আসেন। চার মাস পর শনিবার গভীর রাতে বাড়িতে আসেন ইয়াকুব। নিহত শাহীনূরের ছেলে সাহিদুল ইসলাম (৮) বলেন, রাত তিনটায় তার বাবা তাদের ঘরে আসে। এ সময় তার মাকে টেনে-হিঁচড়ে পার্শ্ববর্তী পুকুরে নিয়ে পানিতে চুবাতে থাকেন। তখন তার মায়ের চিত্কারে সে ও তাদের বাড়ির লোকজন পুকুরে গেলে তার বাবা দৌড়ে পালিয়ে যান। বাড়ির লোকজন তখন তার মায়ের মৃতদেহ উদ্ধার করেন। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. শাখাওয়াত হোসেন জানান, যৌতুকের জন্য ইয়াকুব আলী তাঁর স্ত্রীকে পানিতে চুবিয়ে হত্যা করেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এদিকে পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, এক মাস আগে মতলব দক্ষিণ উপজেলার বারগাঁও গ্রামের শাহজাহান খানের মেয়ে লিপিকে মতলব উত্তর উপজেলার মৈশাদী গ্রামের শাহ্ আলম ব্যাপারীর ছেলে বাবুর বিয়ে হয়। বিয়ের সময় মেয়েপক্ষ বাবুকে ৭০ হাজার টাকা যৌতুক দেয়। কিন্তু বাবু আরও ৫০ হাজার টাকা যৌতুক দাবি করেন। ঘটনার দিন মুঠোফোনে এ নিয়ে বাবুর সঙ্গে লিপির ভাই আলমগীরের কথা-কাটাকাটি হয় এবং আলমগীর যৌতুকের আরও টাকা দিতে অস্বীকৃতি জানান। এতে উত্তেজিত হয়ে বাবু বাড়ি যান এবং নিজ ঘরে স্ত্রী লিপিকে একাকী শ্বাসরোধে হত্যা করে পাশের বাড়িতে পালিয়ে যান। আশপাশের লোকজন এসে ঘটনাটি জানতে পেরে পুলিশকে খবর দিলে সঙ্গে সঙ্গে পুলিশ সাবেক ইউপি সদস্য মো. শহীদুল্লাহর বাড়ি থেকে বাবুকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রস্তম আলী শিকদার প্রথম আলোকে জানান, ‘বাবু পুলিশের কাছে হত্যাকাণ্ড ঘটানোর কথা স্বীকার করেছে।’