কসবা থানার সাবেক এসআইয়ের বিরুদ্ধে দুদকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসামিকে ভয় দেখিয়ে ঘুষ নেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার সাবেক উপপরিদর্শক (এসআই) মো. রুহুল আমিনের বিরুদ্ধে মামলা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মো. ফজলুল হক বাদী হয়ে গত সোমবার ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ জজ আদালতে এ মামলা করেন।এজাহারে উল্লেখ করা হয়েছে, একটি মূল্যবান পাথর রাখার অভিযোগে কসবা উপজেলার পানিয়ারূপ গ্রামের আনোয়ার হোসেন নামের এক ব্যক্তিকে গত বছরের ১৯ এপ্রিল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) একটি দল আটক করে। পরে তাঁকে কসবা থানায় সোপর্দ করা হয়। ওই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়। মামলাটির তদন্ত করেন কসবা থানার ওই সময়ের এসআই মো. রুহুল আমিন। তিনি তখন আনোয়ারের স্ত্রীকে ভয় দেখিয়ে দুই দফায় ৬৫ হাজার টাকা ঘুষ নেন। এ ঘটনার প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের পক্ষে দুদকের কাছে আবেদন করা হয়। দুদক দীর্ঘ তদন্ত শেষে অভিযোগের সত্যতা খুঁজে পায়।চট্টগ্রামের সাতকানিয়া থানায় কর্মরত এসআই মো. রুহুল আমিন বলেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা।