কসবা থেকে চালকের সহকারীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা-সিলেট মহাসড়কের কুমিল্লার ইটাখলা থেকে ছিনতাই হওয়া একটি কাভার্ড ভ্যানের চালকের সহকারীর লাশ গত শনিবার বিকেলে পুলিশ উদ্ধার করেছে। তাঁর নাম আনোয়ার হোসেন (২৫)। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা বাসস্ট্যান্ডের পাশে একটি পরিত্যক্ত ডোবা থেকে হাত-পা বাঁধা অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়। ছিনতাই হওয়া কাভার্ড ভ্যানটি গত শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া পৈরতলায় পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে কমলার খাঁচিবোঝাই একটি কাভার্ড ভ্যান নিয়ে ঢাকায় যাচ্ছিলেন চালক শাহজাহান মোল্লা ও তাঁর সহকারী আনোয়ার হোসেন। রাত ১২টায় কুমিল্লার কোটবাড়ি থেকে সেনাবাহিনীর পোশাক পরিহিত দুই ব্যক্তি তাঁদের কুমিল্লা সেনানিবাস এলাকায় নামিয়ে দেওয়ার অনুরোধ করে ওই গাড়িতে ওঠেন। গাড়িটি ইটাখলায় পৌঁছালে ওই দুই ব্যক্তি গাড়ি থামাতে বলেন। এ সময় পাঁচজন ডাকাত চালককে গাড়ি থেকে নামিয়ে অজ্ঞান করে ওই গাড়ি ও আনোয়ারকে নিয়ে চলে যায়।