কসবা-সরিষাবাড়ীতে দুর্ঘটনায় নিহত ৪
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় গতকাল শনিবার সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন ব্যক্তি নিহত হয়েছেন। এতে আরও তিনজন আহত হন। হতাহত ব্যক্তিদের সবাই অটোরিকশার যাত্রী। জামালপুরের সরিষাবাড়ীতে একটি পেট্রলপাম্পের সামনে গতকাল শনিবার ট্রাকের নিচে চাপা পড়ে রঞ্জিত গৌড় (৫৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, কসবার খাড়েরা এলাকায় সকাল সোয়া নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুই যাত্রী ঘটনাস্থলে এবং ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়ার পর অপর যাত্রী মারা যান। গুরুতর আহত তিন যাত্রীকেও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে নিহত দুই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। হাসপাতালে মারা যাওয়া মজিবুর রহমানের (৩৫) বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলায়।কসবা থানার উপপরিদর্শক (এসআই) মো. মোকাদ্দেছ বলেন, ঘটনাস্থলে নিহত দুই ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ ও ৪০ বছর। তিনি জানান, অটোরিকশা ও ট্রাকটি আটক করা হয়েছে।