কসবায় আগুন পুড়ে গেছে ২৬টি দোকান
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি বাজারে গত শনিবার রাতে আগুনে ২৬টি দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত দোকানের মালিকেরা বলছেন, তাঁদের প্রায় পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কুটি বাজারের এক মুদি দোকানে গত শনিবার রাত দুইটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে ২৬টি দোকান পুড়ে গেছে। খবর পেয়ে কসবার কুটি চৌমুহনী ফায়ার সার্ভিস, আখাউড়া ফায়ার সার্ভিস, কুমিল্লার মুরাদনগর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।
আগুনে পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে কাপড়, মুদি, ওষুধ, মুঠোফোন সেট, পেঁয়াজের আড়ত ও চুল কাটার দোকান।
অমূল্য সাহার ছেলে উত্তম সাহা বলেন, ঘটনার সময় দোকানে কেউ ছিল না। আগুনে শুধু তাঁদের দোকানে প্রায় ৬০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। কুটি বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান বলেন, ২৬টি দোকানের প্রায় পাঁচ কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে গেছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস চক্রবর্তী বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করছেন। তালিকাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।