কসবায় ঘন ঘন ডাকাতি, আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পানিয়ারূপ গ্রামে গত শুক্রবার রাতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতেরা সৌদিপ্রবাসী রহমত উল্লাহর (২১) হাত ও পায়ে গুলি করে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে। এর আগে এক মাসে গ্রামের অনেক বাড়িতে ডাকাতি হয়। ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে গ্রামবাসী রাত জেগে পাহারা দেওয়ার ব্যবস্থা করছেন। তবে কোনোভাবেই ডাকাতি ঠেকানো যাচ্ছে না।

এলাকাবাসী জানান, শুক্রবার রাত দুইটার দিকে পানিয়ারূপ গ্রামের গোলাম আম্বিয়ার বাড়িতে ২৫-৩০ জনের ডাকাত দল লোহার ফটক ভেঙে প্রবেশ করে। এ সময় ডাকাতেরা আম্বিয়ার ছেলে ছুটিতে বেড়াতে আসা সৌদিপ্রবাসী রহমত উল্লাহর হাত ও পায়ে গুলি করে। এ সময় নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী লুট করা হয়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। রহমত উল্লাহকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তাঁর মা শেফালী বেগম বলেন, দুজনের হাতে ছিল বন্দুক। অনেকে হাতে রামদা ছিল।

পানিয়ারূপ গ্রামের সাবেক ইউপি সদস্য আবুল বাশার বলেন, গ্রামে ঘন ঘন ডাকাতি হচ্ছে। রাত জেগে পাহারার ব্যবস্থা করেও লাভ হচ্ছে না। প্রতিদিন ২০ জন রাত জেগে পাহারা দিচ্ছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ৪ অক্টোবর রাতে কসবা পৌর শহরের ইমামপাড়া গ্রামে আবদুল হামিদ ও আবদুল আজিজের বাড়িতে ডাকাতেরা পর্যায়ক্রমে হানা দেয়। এ সময় ডাকাতেরা বাড়ির লোকজনকে মারধর করে নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী লুট করে। একই রাতে মড়াপুকুরপাড় গ্রামের বাবুল মিয়া, ওমরপুরের নুরুল ইসলাম, দীঘিরপাড়ার জুনাব আলী ও লক্ষ্মীপুরের ইসমাইল মিয়ার বাড়িতে একইভাবে ডাকাতি হয়। ১০ অক্টোবর রাতে জাজিসার গ্রামের আবদুর রউফ মিয়া ও ইকবাল মিয়ার বাড়িতেও ডাকাতেরা লুটপাট চালায়। ১৪ অক্টোবর রাতে চাটুয়াখলা গ্রামে সোলেমান মাস্টার, আবু তাহের ও আবদুর রহমান, কালতা গ্রামের আলী মিয়ার বাড়ি থেকে নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী লুট করা হয়।

৩০ অক্টোবর রাতে মাইজখার গ্রামের আবদুল হক, মনির মিয়া, জহির মিয়া ও গিয়াস উদ্দিনের বাড়িতে হানা দিয়ে অস্ত্রের মুখে ডাকাতেরা নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী লুট করে।

৩ নভেম্বর রাতে নোয়াগাঁও গ্রামের শিশু    মিয়া ও প্রবাসী লিল মিয়ার বাড়ি থেকে   ডাকাতেরা অস্ত্রের মুখে নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী লুট করে। ২ নভেম্বর রাতে বিলঘর   গ্রামের ওমানপ্রবাসী আল-আমিন মিয়ার বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে ২০-২৫ জনের    ডাকাত দল লোকজনকে মারধর করে নগদ       অর্থ ও স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী লুটে    নেয়। এ ঘটনায় আল-আমিন ২৫-৩০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে পরদিন কসবা থানায় মামলা করেন। ওই রাতে পানিয়ারূপের মুতি মিয়া, ইউপি সদস্য রফিকুল ইসলাম, চিকিৎসক ফুরকান আহামঞ্চদ ও মনা মিয়ার বাড়িতেও ডাকাতি হয়।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ডাকাতির ঘটনায় থানায় মামলা হচ্ছে। সম্প্রতি কয়েকজন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। ইউএনও জালাল সাইফুর রহমান বলেন, দেশের রাজনৈতিক অস্থিতিশীলতার সুযোগে ডাকাতেরা বেশি সক্রিয় হয়েছে। তবে পুলিশ ডাকাতদের গ্রেপ্তারে সাধ্যমতো চেষ্টা চালাচ্ছে।