কসবায় ট্রেন লাইনচ্যুত, সাড়ে তিন ঘণ্টা চলাচল বন্ধ
ঢাকা-চট্টগ্রাম রেলপথে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চাটুয়াখলা এলাকায় গতকাল মঙ্গলবার মালবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রেলপথে সাড়ে তিন ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। রেলওয়ে সূত্রে জানা গেছে, সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার কায়েমপুর ইউনিয়নের চাটুয়াখলা এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী মালবাহী ৮০৯ নম্বর ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। ফলে ওই পথে চলাচলকারী বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। পরে আখাউরা জংশন থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধার করে মন্দভাগ রেলওয়ে স্টেশনে নিয়ে যায়। প্রায় সাড়ে তিন ঘণ্টা পর বেলা ১১টার দিকে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়। বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. জাকির হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি সরেজমিনে কাজ করছে। তদন্ত কমিটির প্রতিবেদনে ঘটনার জন্য কাউকে দায়ী করা হলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।