কসবায় দুগ্ধ খামারের মালিক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউয়িনের খাদলা দুগ্ধখামার মালিক আলী আজম (৭০) খুন হয়েছেন। গতকাল শুক্রবার সকালে একই ইউনিয়নের বেলতলী গ্রামের ভারত সীমান্তের একটি টিলার কাছ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় নিহত ব্যক্তির ছেলে মনির হোসেন বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে গতকাল বিকেলে কসবা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
কসবা থানার ওসি বদরুল আলম তালুকদার জানান, নিহত আলী আজমের বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তাঁর গলায় লালসালুতে মোড়ানো একটি পিতলের মূর্তি ও একটি ইমিটেশনের চেইন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, কোনো প্রতারক চক্র স্বর্ণের কথা বলে পিতলের মূর্তিটি বিক্রি করেছেন। পরে ঘটনা জানাজানি হয়ে যাবে, এ আশঙ্কায় তাঁকে ছুরিকাঘাতে খুন করে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গত রাতে খাদলা গ্রামের দিদার আহমেদকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্র জানায়, উপজেলার বায়েক ইউনিয়নের খাদলা গ্রামে আলী আজমের একটি দুগ্ধখামার ছিল। প্রতিদিন খামার থেকে দুধ এনে কসবা পৌর শহরে বিক্রি করতেন। গত বৃহস্পতিবার রাতে আলী আজম বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। গতকাল শুক্রবার সকালে একই ইউনিয়নের বেলতলী গ্রামের লোকজন স্থানীয় জামখুশি টিলার ঢালুর সড়কে ভারত-বাংলাদেশ সীমান্তের ২০৪০ পিলারের কাছে একটি লাশ পড়ে থাকতে দেখে। এ খবর শুনে পরিবারের লোকজন গিয়ে আলী আজমের লাশ শনাক্ত করেন।