কসবায় দুপক্ষের সংঘর্ষে একজন নিহত
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত ও ১০ জন আহত হয়েছে। আজ শনিবার বেলা দেড়টার দিকে স্থানীয় বাসিন্দা হারুন মিয়া ও হোসেন মিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে।
সংঘর্ষে জয়নাল আবেদীন (২২) নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। তিনি শিমরাইল গ্রামের ধন মিয়ার ছেলে। পুলিশ তাঁর লাশ উদ্ধার করে কসবা থানায় নিয়ে যায়।
আহত লোকজনের মধ্যে তৌফিকুর রহমান (২৭) নামের একজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্য লোকজনকে বিভিন্ন হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিমরাইল গ্রামের হারুন মিয়ার সমর্থকদের সঙ্গে হোসেন মিয়ার সমর্থকদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আজ দুপুরে তুচ্ছ ঘটনা নিয়ে জয়নাল আবেদীনের সঙ্গে হোসেন মিয়ার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ হয়।
জানতে চাইলে কসবা থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, নিহত ব্যক্তির শরীরে তিনটি বল্লমের আঘাত ও মাথায় আঘাতের চিহ্ন আছে। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।