কসবায় প্রধান আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ছেলেকে বেঁধে রেখে মাকে হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের নতুন বাজার থেকে গতকাল রোববার তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আল-আমিন পাঠান (২৫)। তিনি কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের জগন্নাথপুর আমতলী গ্রামের বাসিন্দা।
পুলিশ ও নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা বলেন, আমতলী গ্রামের রেজিয়া বেগম (৪০) তাঁর শিশুপুত্র মাসুক মিয়াকে (১২) নিয়ে বাড়িতে একা থাকতেন। স্বামী শাহ আলম ভূঁইয়া সিলেটে একটি বেকারিতে চাকরি করেন। গত শুক্রবার রাতে ছেলে মাসুককে নিয়ে ঘরে ঘুমিয়ে পড়েন রেজিয়া। রাত দুইটার দিকে পাঁচজন যুবক মাটি খুঁড়ে দরজার নিচ দিয়ে ঘরে ঢোকেন। তাঁরা প্রথমে কাপড় দিয়ে মাসুকের হাত বেঁধে ফেলেন। এরপর ওড়না ও পরনের শাড়ি দিয়ে রেজিয়ার হাত-পা বেঁধে ফেলেন। পরে ছেলের সামনেই তাঁকে গলা কেটে হত্যা করা হয়।
এরপর যুবকেরা ঘরে থাকা ২৫ হাজার টাকা ও রেজিয়ার সোনার দুল লুট করে নিয়ে যায়। পরে মাসুক হাতের বাঁধন খুলে গিয়ে বিষয়টি আত্মীয়দের জানায়। এ নিয়ে গতকাল রোববার প্রথম আলোয় একটি সংবাদ ছাপা হয়।
নিহত রেজিয়ার বড় ভাই আবুল খায়ের বাদী হয়ে গত শনিবার রেজিয়ার প্রতিবেশী আল-আমিন পাঠানকে প্রধান আসামি করে থানায় হত্যা মামলা করেছেন। গতকাল রোববার সকালে কসবা থানার একদল পুলিশ অভিযান চালিয়ে নতুন বাজারের একটি দোকান থেকে তাঁকে গ্রেপ্তার করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ধারণা করা হচ্ছে এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। আল-আমিন কসবা থানাহাজতে রয়েছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ সোমবার সকালে তাঁকে আদালতে পাঠানো হবে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।