কসবায় শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে যুবকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শিমরাইল সাতপাড়া গ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে আবুল হাসেম (২৫) নামের এক যুবক মারা গেছেন। নিহত যুবকের স্বজনদের ধারণা, হাসেমকে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় গত মঙ্গলবার বিকেলে কসবা থানায় মামলা হয়েছে। আবুল হাসেমের বাড়ি কুমিল্লার আদর্শ সদর উপজেলার রসুলপুর গ্রামে।
পুলিশ ও নিহত যুবকের স্বজন সূত্রে জানা গেছে, দুই মাস আগে রসুলপুর গ্রামের আবুল হাসেম কসবা উপজেলার শিমরাইল সাতপাড়া গ্রামের মনির মিয়ার মেয়ে নাদিরা আক্তারকে (২০) বিয়ে করেন। নাদিরাকে ঘরে তুলতে অনুষ্ঠানের দিনক্ষণ ঠিক করার কথা চলছিল। গত শুক্রবার রাতে হাসেম শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। সোমবার রাতে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাঁকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে মঙ্গলবার সকালে তাঁকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক হাসেমকে মৃত ঘোষণা করেন। নিহত যুবকের চাচাতো ভাই আলী আকবর প্রথম আলোকে জানান, হাসেমকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
কসবা থানার উপপরিদর্শক (এসআই) আহাদুজ্জামান জানান, নিহত ব্যক্তির গলা, দুই হাত ও পিঠে কালচে দাগ রয়েছে।
থানার ওসি বদরুল আলম তালুকদার জানান, হাসেমের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।