কসবার অটোরিকশাচালককে ব্রাহ্মণপাড়ায় খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ব্রাহ্মণপাড়ায় অটোরিকশাচালক পেয়ার মিয়াকে (৪৭) খুন করে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার সকালে নিহত পেয়ার মিয়ার লাশ কুমিল্লাা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণপাড়া উপজেলার মকিমপুর থেকে উদ্ধার করেছে ব্রাহ্মণপাড়া থানার পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই শহিদ মিয়া বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় একটি হত্যা মামলা দাযের করেছেন। অটোরিকশাচালক খুন হওয়ার ঘটনায় অন্য চালকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, অটোরিকশাচালক পেয়ার মিয়া গত বুধবার বিকেলে রিজার্ভ যাত্রী নিয়ে কুটি চৌমহনী থেকে মাদবপুর গিয়েছিলেন। সন্ধ্যার পর থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণপাড়ার মকিমপুর থেকে তাঁর লাশ উদ্ধার করে ব্রাহ্মণপাড়া থানার পুলিশ। পুলিশ লাশ উদ্ধার করে জানতে পারে লাশটি কসবা উপজেলার লেশিয়ারা গ্রামের হিরণ মিয়ার ছেলে পেয়ার মিয়ার। ওই দিনই ব্রাহ্মণপাড়া থানার পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় পেয়ারের ভাই শহিদ মিয়া বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় হত্যা মামলা দায়ের করেছেন।কসবার অটোরিকশাচালক বিল্লাল মিয়া জানান, এভাবে অটোরিকশা ভাড়া করে নিয়ে গিয়ে চালককে খুন করায় অন্য চালকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক গাফফার চৌধুরী বলেন, পিয়ারের বুকে, হাতে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের দাগ ছিল। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন চৌধুরী বলেন, ছিনতাইকারীরা চালককে হত্যা করে অটোরিকশাটি ছিনিয়ে নিয়েছে। তাঁর ধারণা, তাঁকে অন্য কোথাও খুন করা হয়েছে। নিহত পেয়ার মিয়া কসবা উপজেলার কুটি ইউনিয়নের লেশিয়ারা গ্রামের হিরণ মিয়ার ছেলে। ময়নাতদন্ত শেষে নিহত ব্যক্তির লাশ গতকাল শুক্রবার বিকেলে জানাজা শেষে লেশিয়ারা গ্রামের কবরস্থানে দাফন করা হয়।