কসবার ইউএনও কার্যালয়ের সেই সহকারীকে বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সেই অফিস সহকারী গোলাম কিবরিয়াকে বদলি করা হয়েছে। গত বৃহস্পতিবার জেলা প্রশাসক (ডিসি) মুহাম্মদ মোশাররফ হোসেনের স্বাক্ষরিত এক আদেশে তাঁকে বাঞ্ছারামপুরে বদলি করা হয়।
গত ৩০ জুন প্রথম আলোর বিশাল বাংলায় ‘ইউএনওর সামনেই কমিশন চাইলেন অফিস সহকারী’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনের পর এ বদলির আদেশ দেন ডিসি মোশাররফ।
ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, ১৪২২ বাংলা সনের হাটবাজার ইজারার একটি বিজ্ঞাপন গত ১৫ জানুয়ারি যুগান্তর পত্রিকায় প্রকাশিত হয়। ওই বিজ্ঞাপন বিলের ওপর অফিস সহকারী গোলাম কিবরিয়া গত ২৯ জুন যুগান্তর প্রতিনিধির কাছে কমিশন চান। যুগান্তর প্রতিনিধি বোরহান মো. ইনয়ামুল ইসলাম ইউএনও মুহাম্মদ আরিফুল ইসলামকে বিষয়টি ওই দিনই জানান। পরে তিনি (ইউএনও) কিবরিয়াকে তাঁর কক্ষে ডেকে নেন। এ সময় গোলাম কিবরিয়া কমিশন চাওয়ার বিষয়টি ইউএনওর কাছে স্বীকার করেন।
এ ব্যাপারে ইউএনও মুহাম্মদ আরিফুল ইসলাম গতকাল দুপুরে বলেন, গোলাম কিবরিয়া বিজ্ঞাপনের বিলের ওপর তাঁর (ইউএনও) সামনে কমিশন চাননি। তবে অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদ করলে গোলাম কিবরিয়া কমিশন চাওয়ার বিষয়টি স্বীকার করেন। তিনি বিষয়টি জেলা প্রশাসক মুহাম্মদ মোশাররফ হোসেনকে জানান। পরে স্যার গোলাম কিবরিয়াকে বদিল করেন। এ ছাড়া উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) বিষয়টি তদন্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।