কসবার কামালপুর খাল দখলমুক্ত করল প্রশাসন
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কামালপুর খালের কিছু অংশ দখলমুক্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন খালের ভরাট করা মাটি খনন করে সরিয়ে ফেলে দখল করা প্রায় আড়াই শ ফুট অংশ দখলমুক্ত করে।
কামালপুর গ্রামের মো. তাজুল ইসলাম ভূঁইয়া বলেন, খালটি কামালপুর বেলতলী এলাকায় বিজনা নদী থেকে উৎপত্তি হয়েছে। এটি কামালপুর গ্রামের ভেতর দিয়ে রাজার খালে গিয়ে পড়েছে। এর দৈর্ঘ্য আড়াই কিলোমিটার ও প্রস্থ ১৫-২০ ফুট।
খোঁজ নিয়ে এলাকাবাসী ও উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা যায়, দুই-আড়াই বছর আগে কামালপুর গ্রামের নসু মিয়া তাঁর বাড়ির সামনে খালের প্রায় আড়াই শ ফুট ভরাট করে ফেলেন। এতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্মাণ করা একটি কালভার্ট মাটিচাপা পড়ে। ২০১৫ সালের ২ ডিসেম্বর উপজেলা ভূমি কার্যালয়ের জরিপকারী আকলিমা আক্তার ও কায়েমপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আতাউর রহমান গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পরিমাপ করে খাল দখলের সত্যতা পান। পরে তাঁদের দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে তৎকালীন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলী আফরোজ নসু মিয়াকে মাটি সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। কিন্তু তিনি মাটি সরাননি। এ কারণে খাল দিয়ে পানি চলাচল বন্ধ হয়ে গেছে। এ নিয়ে ২০১৬ সালের ১৯ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘খাল ভরাট করে বাড়ি রাস্তা নির্মাণ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।
এ পরিস্থিতিতে খালের ওই অংশ দখলমুক্ত করতে গতকাল বৃহস্পতিবার সকালে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা ইসলামের নেতৃত্বে নসু মিয়ার বাড়ির সামনে অভিযান চালানো হয়। এ সময় এক্সকাভেটর দিয়ে মাটি কেটে সরিয়ে খাল উদ্ধার করা হয়। অভিযানের সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসির উদ্দিন মোহাম্মদ সরোয়ার, কসবা থানার উপপরিদর্শক (এসআই) মো. কামাল উদ্দিন প্রমুখ।