কসবার ছয় কিশোরকে ফেরত দিয়েছে বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গত দুই দিনে ব্রাহ্মণবাড়িয়ার কসবার ছয় কিশোরকে ফেরত দিয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে বিএসএফ তাদের হস্তান্তর করে।
এদের মধ্যে দুই কিশোরকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এরা হচ্ছে কসবা পৌর এলাকার হাকর গ্রামের মতিউর রহমানের ছেলে আবু বক্কর (১৫) ও দক্ষিণ কসবা গ্রামের শহীদ মিয়ার ছেলে রাকিব মিয়া (১৪)। অন্য চারজনকে থানা-পুলিশে সোপর্দ করা হয়েছে। এরা হচ্ছে কসবা উপজেলার চকবস্তা গ্রামের সোলেমান মিয়ার ছেলে নজরুল ইসলাম (১৬), কুতুব হোসেনের ছেলে আরিফুল ইসলাম (১৬), আয়েত আলীর ছেলে আসিফ মিয়া (১৬), মো. গণি মিয়ার ছেলে সোহাগ মিয়া (১৬)।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এক দল কিশোর কসবা সীমান্তের ২০৪০ নম্বর পিলারের কাছে হাকর গ্রামে ক্রিকেট খেলছিল। একপর্যায়ে বলটি সীমান্তের ওপারে চলে যায়। বলটি আনতে গেলে বিএসএফের টহল দল দুই কিশোরকে আটক করে। বেলা তিনটায় ভারত-বাংলাদেশ সীমান্ত হাটে পতাকা বৈঠকের পর তাদের ফেরত দেওয়া হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন কসবা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মো. মোশাররফ হোসেন এবং বিএসএফের কমলাসাগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার পরিদর্শক আনন্দ।
অন্যদিকে বৃহস্পতিবার বিকেলে কসবা সীমান্তের ২০৪২ নম্বর পিলার এলাকা দিয়ে চার কিশোর অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এ সময় বিএসএফ তাদের আটক করে। গতকাল শুক্রবার দুপুরে কসবা সীমান্ত হাটে আবার বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। পরে বেলা তিনটার দিকে ওই চার কিশোরকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
কসবা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মোশাররফ হোসেন বলেন, পৃথক এলাকা থেকে বিএসএফ ছয় বাংলাদেশি কিশোরকে আটক করে। বৃহস্পতিবার পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ দুই কিশোরকে ফেরত দেয়। গতকাল দুপুরে আরও একটি পতাকা বৈঠকের মাধ্যমে চারজনকে হস্তান্তর করে বিএসএফ।