ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ১৫ দিনে ছয়জন খুন হয়েছেন। এর মধ্যে তিনটি খুনের ঘটনা ঘটে উপজেলার পশ্চিমাঞ্চলে। ওই অঞ্চলে স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের জোর দাবি উঠেছে।উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন ভূইয়া বলেন, উপজেলার পশ্চিমাঞ্চলটি সদর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে। যাতায়াতের ব্যবস্থাও তেমন ভালো নয়। ওই অঞ্চলে একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের জন্য কয়েক বছর আগেই একটি ফাইল সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়। কিন্তু কর্তৃপক্ষ এত দিনেও কোনো ব্যবস্থা নেয়নি। ওই এলাকায় একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন খুবই জরুরি।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১ নভেম্বর ভোরে উপজেলার নেয়ামতপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে বাদশা মিয়া ও ইমাম হোসেনের পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে নিহত হন ইমাম হোসেন (৫৫)। একই সংঘর্ষে আহত সমরাজ মিয়া (৪০) রোববার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। ১৯ অক্টোবর রাতে উপজেলার হাতুড়াবাড়ি গ্রামের মনির হোসেন (২৭) নামের এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করা হয়।কসবা থানার পরিদর্শক (তদন্ত) মো. পারভেজ আহাম্মদ তালুকদার প্রথম আলোকে জানান, নেয়ামতপুর গ্রামের সংঘর্ষে একজন নিহত হওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১ নভেম্বর থেকে অস্থায়ী পুলিশ ক্যাম্প বসানো হয়।