কসবার পৈতৃক ভিটায় ত্রিপুরার মন্ত্রী ভানু লাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫৭ বছর পর ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জন্মভিটা দেখতে এলেন ভারতের ত্রিপুরা রাজ্যের অর্থ, খাদ্য ও সংস্কৃতিমন্ত্রী ভানু লাল সাহা। গতকাল শনিবার গ্রামে গিয়ে তিনি তাঁর শৈশবের পাঠশালাতেও যান।
ব্রাহ্মণবাড়িয়ায় গত বৃহস্পতিবার তিন দিনব্যাপী অদ্বৈত মেলা উদ্বোধনের জন্য প্রধান অতিথি হিসেবে ভানু লাল সাহা বাংলাদেশে আসেন। গতকাল দুপুরে তিনি তাঁর জন্মস্থান কসবা উপজেলার বায়েক ইউনিয়নের নয়নপুর গ্রামে যান। গ্রামে তাঁর পৈতৃক ভিটা পরিদর্শন করেন। পরে তিনি নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান। খবর পেয়ে কয়েকজন সহপাঠী তাঁর সঙ্গে দেখা করতে আসেন। এ সময় একে অপরকে জড়িয়ে ছোটবেলার স্মৃতিচারণা করতে থাকেন। বন্ধুদের দেখে আবেগাপ্লুত হয়ে যান ভানু লাল সাহা। মন্ত্রী বলেন, ‘১৯৫৮ সালে নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি পাস করে পুরো পরিবার ভারতে চলে যাই। এরপর আর কোনো দিন আসিনি। দীর্ঘদিন পর ছোটবেলার পাঠশালায় গিয়ে মনে হয়েছে ছোটবেলার স্মৃতিগুলো।’
এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আরিফুল ইসলাম।