কসবার পৌর মেয়রের বাসা ও আসবাব ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার মেয়র ও উপজেলা বিএনপির সভাপতি মুহামঞ্চদ ইলিয়াছ এবং উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক কামাল উদ্দিনের সমর্থকদের মধ্যে গতকাল মঙ্গলবার পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছেন। একপর্যায়ে যুবদল নেতার সমর্থকেরা মেয়রের বাসা ও আসবাব ভাঙচুর করে। কসবা ইউএনও জালাল সাইফুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে মেয়রের চাচাতো ভাই আবদুল হাইয়ের ছেলে মোবারকের সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে স্থানীয় বাবুল মিয়ার দুই ছেলে আপন ও পাপ্পুর দ্বন্দ্ব হয়। বিকেলে মেয়রের বাড়িসংলগ্ন খারপাড়া গ্রামের কামালের চায়ের দোকানে কামাল উদ্দিনের চাচাতো ভাই ও পৌরসভার সাবেক কাউন্সিলর মো. নুরুন্নবী বসেছিলেন। এ সময় কুডু ও ছোটন মিয়াসহ মেয়রের বেশ কয়েকজন সমর্থক সেখানে এলে নুরুন্নবী তাঁদের বিষয়টি মীমাংসা করার প্রস্তাব দেন। এতে মেয়রের সমর্থকেরা ক্ষিপ্ত হয়ে তাঁকে কুপিয়ে গুরুতর আহত করে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে কামাল উদ্দিনের লোকজন মেয়রের বাড়ির জানালার কাচ ও আসবাব ভাঙচুর করে। খবর পেয়ে কসবা থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যুবদলের নেতা কামাল উদ্দিন অভিযোগ করেন, মেয়রের লোকজন তাঁর চাচাতো ভাইকে কুপিয়ে গুরুতর আহত করেছে। আহত হওয়ার খবর পেয়ে তাঁকে নিয়ে তিনি কুমিল্লায় চিকিৎসা করানোর জন্য এসেছেন। কসবা থানার ওসি বদরুল আলম তালুকদার জানান, কোনো পক্ষ এখনো লিখিত অভিযোগ দেয়নি।