কসবার সীমান্ত হাট নিয়ে দুই দেশের কর্মকর্তাদের বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ত্রিপুরা রাজ্যের কমলা সাগর এলাকার কুমিল্লা ভিউ টুরিস্ট লজে গতকাল সোমবার ভারত ও বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তাদের বৈঠক হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ভারত সীমান্তের ২০৩৯ পিলারের কাছে হাট বসানো নিয়ে ওই বৈঠক হয়।

বেলা সাড়ে ১১টায় বৈঠকটি শুরু হয়। এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও সীমান্ত হাট কমিটির আহ্বায়ক নাজমা বেগম। ভারতের পক্ষে নেতৃত্ব দেন ত্রিপুরার সিপাহী জেলা ম্যাজিস্ট্রেট শ্রী দুলাল দাস।

বাংলাদেশের পক্ষে বৈঠকে আরও উপস্থিত ছিলেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জালাল সাইফুর রহমান, পৌরসভার মেয়র মুহাম্মদ ইলিয়াছ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু ফাতে মো. সফিকুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম তালুকদার, কসবা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আবদুস সালাম প্রমুখ।

কসবা ইউএনও কার্যালয় থেকে জানা গেছে, উপজেলা সদরের ভারত সীমান্তের ২০৩৯ নম্বর পিলারের কাছে ভারত ও বাংলাদেশের যৌথ মালিকানাধীন ৭৫ বর্গমিটার ভূমির ওপর হাটের জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে। ভারত সরকারের অর্থায়নে সীমান্ত মার্কেটের শেড, নলকূপ, টয়লেটসহ যাবতীয় স্থাপনা নির্মাণ করা হবে। প্রতি বৃহস্পতিবার বেলা দেড়টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত হাটে বেচাকেনা হবে। দুই দেশের ২৫ জন করে ৫০ জন বিক্রেতা হাটে মালমাল বিক্রি করবেন।

এ মাসের শেষের দিকে কসবা ইউএনও কার্যালয়ে দুই দেশের কর্মকর্তারা আবারও বৈঠক করে সীমান্ত হাট উদ্বোধনের তারিখ ও সময় এবং কী ধরনের মালামাল বেচাকেনা হবে তা নির্ধারণ করবেন।