কসবার সেই শিক্ষককে ফের বদলি, আদেশ প্রত্যাহারের দাবি
প্রাইভেট না পড়ায় শিক্ষার্থীদের পেটানোর অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষক হুমায়ুন কবিরকে আবারও বদলি করা হয়েছে। গত বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক মনোয়ারা বেগম তাঁকে বদলি করার আদেশ দেন।
এদিকে শিক্ষক হুমায়ুন কবিরের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে গতকাল বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের পাঠদানের সময় কিছু শিক্ষার্থী দিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করানো হয়েছে৷
২০০৭ সালে কসবা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে থাকাকালীন শিক্ষক হুমায়ুন কবির কয়েকজন শিক্ষার্থীকে মারধর করেন বলে অভিযোগ পাওয়া যায়। পরে উপজেলা প্রশাসন তদন্ত করে সত্যতা পাওয়ায় তাকে চাঁদপুরের হাইমচর সরকারি উচ্চবিদ্যালয়ে বদলি করে দেয়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তাঁকে কসবা সরকারি উচ্চবিদ্যালয়ে বদলি করিয়ে আনা হয়। বিদ্যালয়ে যোগদান করেই হুমায়ুন কবির সরকার ছাত্রদের প্রাইভেট পড়তে বাধ্য করেন। প্রাইভেট না পড়ায় তিনি বেশ কয়েকজন শিক্ষার্থীকে মারধর করেন৷ এ ব্যাপারে শিক্ষার্থীরা ডাকযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), শিক্ষা অধিদপ্তরসহ বিভিন্ন স্থানে অভিযোগ পাঠায়। অভিযোগটি তদন্ত করছে উপজেলা প্রশাসন।
শিক্ষার্থীদের ওই অভিযোগ নিয়ে গত বুধবার প্রথম আলোতে ‘সেই শিক্ষকের বিরুদ্ধে আবারও শিক্ষার্থী পেটানোর অভিযোগ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হওয়ার পর ওই দিনেই হুমায়ুন কবিরকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ে বদলির আদেশ দেয় মাউশি।
গতকাল সকাল ১০টার দিকে বিদ্যালয়ের কিছু শিক্ষার্থী ইউএনওর কার্যালয়ের সামনে প্রায় ৩০ মিনিট মানববন্ধন করে। এ সময় তারা ইউএনওর কাছে শিক্ষক হুমায়ুন কবিরের অভিযোগ ও পত্রিকার সংবাদ প্রত্যাহারের জন্য একটি স্মারকলিপি দেয়।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষার্থী বলেন, দশম শ্রেণির কয়েকজন ছাত্র তাদের জোর করে মানববন্ধনে এনেছে।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক বলেন, দশম শ্রেণির ছাত্ররা অন্য শ্রেণীর কিছু ছাত্রকে নিয়ে বের হয়ে গেছে।
ইউএনও জালাল সাইফুর রহমান জানান, হুমায়ুন কবিরের বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত চলছে। অভিযোগ প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীরা একটি স্মারকলিপি জমা দিয়েছে। তা তদন্ত কমিটির কাছে হস্তান্তর করা হয়েছে।