কসবায় অর্ধকোটি টাকার মাছ পাঁচ লাখে বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় গত মঙ্গলবার একটি মৎস্য খামারে দুষ্কৃতকারীরা বিষ ঢেলে দেয়। পরে অর্ধকোটি টাকার মাছ মাত্র পাঁচ লাখ টাকায় বিক্রি করতে বাধ্য হন খামারের মালিক। এলাকাবাসী জানায়, উপজেলার কাইমপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের পাঁচ একরের একটি দিঘি নয় লাখ ৫০ হাজার টাকায় তিন বছরের জন্য ইজারা নেন মন্দভাগ গ্রামের মৎস্যচাষি শাহ জালাল। দিঘিতে তিনি বিভিন্ন দেশীয় মাছ চাষ করেছেন। এতে তিনি প্রায় ৪০ লাখ টাকা বিনিয়োগ করেছেন। মঙ্গলবার রাতে দুষ্কৃতকারীরা দিঘিতে বিষ ঢেলে দেয়। বুধবার সকালে শ্রীপুর গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়া ও খোরশেদ আলম দিঘির পাড়ে গিয়ে দেখেন মাছ মরে ভেসে উঠছে। তাঁরা মুঠোফোনে শাহ জালালকে খবর দেন। পরে জালাল জাল দিয়ে ধরে প্রায় পাঁচ লাখ টাকার মাছ বিক্রি করেন।গতকাল শুক্রবার সকালে শাহ জালাল প্রথম আলোকে বলেন, বর্তমানে যে মাছ ছিল তা কমপক্ষে ৫০ লাখ টাকা বিক্রি করতে পারতেন।কাইমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমজাদ হোসেন প্রথম আলোকে বলেন, দিঘিতে বিষ দিয়ে মাছ নিধনের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। কসবা উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, দুষ্কৃতকারীরা মাছগুলো মেরে শুধু মৎস্যচাষির ক্ষতি করেনি, ক্ষতি করেছে পুরো দেশের।ইংলিশ ল্যাংগুয়েজ ফেয়ার: ব্রাহ্ম ণবাড়িয়ার কসবায় ইংরেজি শিক্ষার গুরুত্বারোপ করে ইংলিশ ল্যাংগুয়েজ ফেয়ার অনুষ্ঠান গতকাল শুক্রবার সকালে কসবা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ইংরেজি পত্রিকা দ্য ডেইলি স্টার ও রবি এ অনুষ্ঠানের আয়োজন করেছেন। এ উপলক্ষে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আয়েশা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন রবির এরিয়া ম্যানেজার ইফতেখার আলম ও ডেইলি স্টার প্রতিনিধি শেখ শহিদুল ইসলাম। বক্তব্য দেন কসবা আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হেলাল উদ্দিন, কসবা সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হুমায়ুন কবির, কসবা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. তানবিরুজ্জামান ও কসবা আদর্শ উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আজিজুর রহমান। ইংরেজিতে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে কসবা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা রহমান সঞ্চৃতি, দ্বিতীয় স্থান অর্জন করে একই বিদ্যালয়ের শিক্ষার্থী সুজানা আফরিন জেনি এবং তৃতীয় স্থান অর্জন করে কসবা আদর্শ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী নাছরিন আক্তার। তা ছাড়া ডায়ালগ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে কসবা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী তামান্না আক্তার ও এমরাতুল জান্নাত স্বপ্না, দ্বিতীয় স্থান অর্জন করে কসবা আদর্শ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী পলি আক্তার ও নাছরিন আক্তার এবং তৃতীয় স্থান অর্জন করে কসবা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের তাসফিয়া মুসতারি রিনথি ও সাদিয়া সুলতানা ইভা।