কসবায় আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে এসআইসহ আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দুই পক্ষে গতকাল মঙ্গলবার পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশের এক উপপরিদর্শকসহ (এসআই) কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।পুলিশ, প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) একটি বিল নিয়ে গতকাল সকালে কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন ভূঁইয়ার কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মো. আজহারুল ইসলামের সঙ্গে রুহুল আমিনের বাগিবতণ্ডা হয়। রুহুল আমিন উপজেলা আওয়ামী লীগের নেতা। পরে এ ঘটনাকে কেন্দ্র করে দুপুরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উপজেলা পরিষদ চত্বর ও বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তিনটি ফাঁকা গুলি ছোড়ে। সংঘর্ষে কসবা থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেনসহ উভয় পক্ষের ১০ জন আহত হন। আহত ব্যক্তিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।চেয়ারম্যান রুহুল আমিন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, মনকাশাইর গ্রামের একটি মসজিদের ঘাটলার নির্মাণকাজের বিলের টাকা পরিশোধের জন্য আজহারুল ইসলাম চাপ সৃষ্টি করেন। পরিশোধ না করায় ক্ষিপ্ত হয়ে তিনি দলবল নিয়ে পরিষদে হামলা চালান।আজহারুল ইসলাম অভিযোগ করেন, এডিপি প্রকল্পের কাজ দুর্নীতির মাধ্যমে নিজের পছন্দমতো বিলিবণ্টন করছেন উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন। এ নিয়ে কথা বলায় তিনি খারাপ ব্যবহার করেন। এরপর দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া হয়।কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. শাখাওয়াত হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি করে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।