কসবায় ইউপি সদস্যের ওপর হামলা, মুক্তিযোদ্ধার বাড়িতে লুটপাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ববিরোধের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের মনকাশাইর গ্রামে একদল ডাকাত গতকাল শুক্রবার ভোরে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যসহ তিনজনকে কুপিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় মুক্তিযোদ্ধা মফিজুল ইসলামের বাড়ির কয়েকটি ঘর ভাঙচুর করে টাকা-পয়সাও লুট করা হয়।আহত ইউপি সদস্য বাচ্চু মিয়া (৩০) ও সোহেল মিয়াকে (২৫) প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠান। অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আরেক আহত মাফিয়া বেগমকে (৫০) কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম বলেন, হামলাকারীরা এলাকার চিহ্নিত ডাকাত। তারা অস্ত্র নিয়ে বাড়িতে হামলা করে তিনটি ঘর ভাঙচুর এবং নগদ টাকা ও স্বর্ণালংকারসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ডাকাতদের কথা পুলিশকে জানানো হয়েছে, এমন সন্দেহ থেকে তারা এই হামলা করতে পারে বলে তিনি জানান। এ ঘটনায় মফিজুল ইসলাম বাদী হয়ে ১৩ জনের বিরুদ্ধে মামলা করেছেন।কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) জি এম মিজানুর রহমান জানান, হামলাকারীরা এলাকার চিহ্নিত ডাকাত। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। জামিনে বেরিয়ে এসেই পূর্ববিরোধের জের ধরে তিনজনকে কুপিয়ে আহত করেছে তারা। কয়েকটি ঘর ভাঙচুর করে টাকা-পয়সাও লুট করেছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।